|
শ্যাম্পু কি চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে? জানুন সত্যতা
নতুন সময় ডেস্ক
|
![]() শ্যাম্পু কি চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে? জানুন সত্যতা যুক্তরাজ্যের ইউকে হেয়ার কনসালট্যান্টসের ট্রাইকোলজিস্ট ইভা প্রাউডম্যান এবং হেয়ার অ্যান্ড স্ক্যাল্প ক্লিনিকের ট্রেসি ওয়াকার জানিয়েছেন, চুলের যত্নে প্রচলিত চারটি ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। ১. ঠান্ডা পানি চুল উজ্জ্বল করে না আপনি কি শুধু চুল চকচকে করার আশায় কখনো বরফঠান্ডা পানিতে গোসল করেছেন? যদি করে থাকের, তাহলে আজ থেকেই তা বন্ধ করতে পারেন। প্রাউডম্যান বলেন, ঠান্ডা পানিতে চুল ধোয়ার কোনো উপকার নেই। তিনি বলেন, 'চুলকে রাসায়নিক, তাপ ও পরিবেশের প্রভাব থেকে সুরক্ষা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।' তবে তিনি সতর্ক করেন, অতিরিক্ত গরম পানিতে চুল ধোয়া ঠিক নয়, কারণ এতে চুল শুষ্ক হয়ে যায় এবং মাথার ত্বকও পুড়ে যেতে পারে। ২. কোনো পণ্যই ক্ষতিগ্রস্ত চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে না যারা নানা পণ্য ব্যবহার করে চুলের ডগা ফাটা রোধ করতে চান সারাতে চান, তারা হয়তো এ কথা জেনে হতাশ হবেন যে এসব পণ্য চুল ফাটা রোধ করতে পারবে না। কারণ এর একমাত্র সমাধান হলো চুল কাটা। প্রাউডম্যান বলেন, 'চুলের ডগা ফাটা আসলে স্টকিংয়ের ছেঁড়া অংশের মতো—এটা সারানোর কোনো উপায় নেই।' ওয়াকার বলেন, 'চুলকে যদি মাইক্রোস্কোপে দেখা যায়, দেখা যাবে এটি যেন দুই-তিনটি শাখায় ভেঙে গেছে। বাজারের পণ্যগুলো এক ধরনের আঠার মতো কাজ করে, যা সাময়িকভাবে চুলকে একত্রে ধরে রাখে।' তিনি সতর্ক করে বলেন, এসব পণ্যে অনেক অর্থ ব্যয় করা অর্থহীন, কারণ এগুলো স্থায়ী সমাধান দেয় না। প্রাউডম্যান আরও বলেন, 'চুল কাটলে চুল দ্রুত বাড়ে'—এই ধারণাও সম্পূর্ণ ভুল। তার মতে, 'চুল দ্রুত বাড়ানো সম্ভব নয়। যে কোম্পানি দাবি করে তাদের পণ্য দ্রুত ছুল বাড়াতে পারে, তারা আসলে মিথ্যা বলছে।' ৩. চুল কখনো নিজে থেকে পরিষ্কার হয় না অনেকেই দাবি করেন, তারা চুলকে এমনভাবে মেইনটেইন করেন যে চুল নিজেই পরিষ্কার থাকে, ফলে চুল ধোয়ার প্রয়োজন হয় না। কিন্তু প্রাউডম্যান বলেন, এটি একেবারেই ভুল ধারণা। 'আমাদের মাথায় প্রায় ১ লাখ ৮০ হাজার তেলগ্রন্থি আছে। চুল নিয়মিত না ধুলে ময়লা ও ধুলো জমে।' ওয়াকার বলেন, 'যেভাবে কেবল পানি দিয়ে কাপড়ের তেলচিটে দাগ ওঠে না, তেমনি চুলও কেবল পানি দিয়ে পরিষ্কার হয় না—শ্যাম্পু প্রয়োজন।' তিনি বলেন, নিয়মিত চুল না ধুলে দুর্গন্ধ হয় এবং খুশকি বা চুলকানির মতো সমস্যা বেড়ে যায়। কারণ, অতিরিক্ত তেল জমলে খুশকি ও ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। প্রাউডম্যানের পরামর্শ, যদি চুল খুব তেলচিটচিটে হয় বা অনেক পণ্য ব্যবহার করেন, তাহলে একদিন পরপর চুল ধুয়ে ফেলুন। হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস বিভাগের অধ্যাপক লরা ওয়াটার্স বলেন, খুব তেলতেলে চুলের জন্য শক্তিশালী শ্যাম্পু ভালো, তবে শুষ্ক চুলের ক্ষেত্রে সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করলে তেল যায় না। ৪. ড্রাই শ্যাম্পু কখনো আসল শ্যাম্পুর বিকল্প নয় ব্যস্ত জীবনে প্রতিদিন চুল ধোয়া, শুকানো ও আচড়ানো সবসময় সম্ভব হয় না। তাই অনেকেই দ্রুত সমাধান হিসেবে ড্রাই শ্যাম্পু ব্যবহার করেন। প্রাউডম্যান বলেন, 'ড্রাই শ্যাম্পু একবার ব্যবহার করলে তেমন কোনো সমস্যা নেই, তবে টানা দুই-তিন দিন ব্যবহার করা ঠিক নয়।' তিনি বলেন, 'স্ক্যাল্পের প্রাকৃতিক তেল ড্রাই শ্যাম্পুর সঙ্গে মিশে জমে যায়, এতে মাথায় খুশকি জন্মায় ও চুলকানি সৃষ্টি হয়।' তার পরামর্শ, যেভাবে মুখের যত্ন নেন, সেভাবেই চুলের যত্ন নিন। মুখে যেভাবে কেউ মেকআপ না তুলে নতুন করে মেকআপ লাগায় না, তেমনি চুলও পরিষ্কার না করে বারবার পণ্য ব্যবহার করা ঠিক নয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
