ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় কেউ হুমকি দিলেই ডাবল উচ্ছেদ করা হবে। হুমকি দিয়ে কেউই পার পাবে না।
শনিবার বিকালে নগরের মাঝির ঘাট এলাকায় কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আগের বাংলাদেশ নেই। এটা একুশ শতকের বাংলাদেশ। এখন আমাদের ইন্টেলিজেন্স বিভাগ ভেরি স্ট্রং। কেউ হুমকি দেবে, আমরা আমলে নেবো- এমন হবে না। অভিযান চলবেই। অবৈধ কোনো স্থাপনা থাকতেই পারবে না।
ভূমিমন্ত্রী আরও বলেন, অনেকে মনে করছেন, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারপর মনে হয় উচ্ছেদ কাজ বন্ধ হয়ে যাবে। নো, এটা কখনো হবে না। আমি থাকতে কাজ বন্ধ করতে দেবো না। আমি প্রতিদিনই জেলা প্রশাসকের সঙ্গে অভিযান নিয়ে কথা বলছি। কাজ শুরু হয়েছে। কাজ শেষ হবেই। কর্ণফুলী নদীকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।