|
ছেলের হত্যার এক বছরেও গ্রেপ্তার হয়নি আসামি, পিবিআই তদন্তে হতাশ, পরিবারের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ছেলের হত্যার এক বছরেও গ্রেপ্তার হয়নি আসামি, পিবিআই তদন্তে হতাশ, পরিবারের মানববন্ধন মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ চত্বরের হরিপুর সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিহতের পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ। নিহতের বাবা আব্দুল জলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ছেলে হত্যার বিচার চেয়ে প্রেস ব্রিফিং করেছি, বিভিন্ন পত্রিকায় দিয়েছি, মানববন্ধন করেছি। আপনারা একটি আসামি ধরেন। নয় মাস হয়ে গেল মামলা পিবিআইতে দেওয়া হয়েছে। আমি বারবার বলেছি—শুধু একজনকে ধরেন, তিন ঘণ্টার মধ্যেই সব বেরিয়ে আসবে। আজও আমি বিনয়ের সাথে বলছি, দয়া করে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।” মানববন্ধনে বক্তারা বলেন, “জোবায়ের আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ এক বছর পার হয়ে গেলেও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। এটা শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্যই ভয়ের বিষয়।” এর আগে গত ২০ জুলাই একই দাবিতে একবার মানববন্ধন করা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো অগ্রগতি না থাকায় পুনরায় আজকের মানববন্ধন আয়োজন করা হয়। এতে স্থানীয়দের মধ্যে প্রশাসনের দায়িত্ব পালনে ব্যর্থতা নিয়ে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। এদিকে, মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে পিবিআই রংপুরের পুলিশ পরিদর্শক আবু সায়েম বলেন, “মামলাটি তদন্তাধীন। এখনো আমরা চূড়ান্ত পোস্টমর্টেম রিপোর্ট পাইনি। আসামিরা এলাকায় নেই, তবে আমরা তাদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।” প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয় কলেজছাত্র জোবায়ের হোসেন আমিন। পরদিন তার বিকৃত মরদেহ নদীতে ভেসে ওঠে। পরিবারের পক্ষ থেকে এটি হত্যাকাণ্ড দাবি করে ওই বছরের ২১ জুলাই চিলমারী মডেল থানায় মো. সাইনান স্বচ্ছ (২১), মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) সহ আরও ছয়-সাতজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি পিবিআই রংপুরের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
