|
‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘কঠিন উইকেটে পাকিস্তানকে ব্যাটিং–বোলিং শিখিয়েছে বাংলাদেশ’ বাংলাদেশের বিপক্ষে সিরিজ হাতছাড়া করে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানদল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, তা বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিত। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’–এ কথা বলার সময় বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন তিনি। সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা রমিজ এই মুহূর্তে ঢাকাতেই আছেন। বাংলাদেশ পাকিস্তানকে শিক্ষা দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘ম্যাচ এবং সিরিজ দুটোই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং–বোলিং করা উচিত (সেটা শিখিয়েছে)।’ কাল ম্যাচের দিকে ক্যাচ ছেড়ে পাকিস্তানকে সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাহিম আশরাফ সুযোগটা কাজে লাগাতে পারেননি। এ নিয়ে আক্ষেপ শোনা গেল রমিজের কণ্ঠে, ‘শেষ দিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা মানে ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন করে ফেলা।’ এবারের বাংলাদেশ সফরে বড় ধাক্কা খাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানিয়ে রমিজ আরও বলেছেন, ‘জাকের আলীর সৌজন্য বাংলাদেশ প্রথমে ঠিকঠাক রান সংগ্রহ করেছে। এরপর তারা বোলিংও দুর্দান্ত করেছে এবং ম্যাচ জিতে নিয়েছে। পাকিস্তানের আসলে কী করা উচিত? দেখুন, এ ধরনের দল যখন আপনি খেলাবেন, তারা ব্যাটিং উইকেট হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু কঠিন উইকেটে আপনার দরকার কৌশলগত দিক থেকে ভালো মানের ব্যাটসম্যান। কয়েকজন অভিজ্ঞ বোলার আপনার প্রয়োজন। পাশাপাশি আজ (কাল) একজন নিয়মিত স্পিনার কম ছিল। উইকেট নিতে হলে একাদশে এমন একজন স্পিনার দরকার।’ বাংলাদেশের পারফম্যান্সের বেশ প্রশংসাও করেছেন ৬২ বছর বয়সী রমিজ, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
