মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অপহরণের তিন দিন পর জুবায়েত হোসেন (০৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে সাটুরিয়ার জালশুকা গ্রামের এক লেবু বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়েত উপজেলার জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে একই গ্রামের শামসুল ইসলামের ছেলে।
নিহতের চাচা মোখলেছুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পর জুবায়েত আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে থানায় জিডি করা হয়।
শুক্রবার সকালে জুবায়েতের বাবাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
সাটুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, ফোন নম্বরের সূত্র ধরে র্যাব-৪-এর একটি দল শনিবার রাতে মহিদুর রহমান নামে এক যুবককে আটক করে।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার সকালে জুবায়েতের বাড়ির কাছে একটি লেবু বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।