|
বরিশাল মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ
মোঃ রানা সন্যামত, বরিশাল
|
![]() বরিশাল মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগটি দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিষয়টি খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে শোকজ জারি করা হয়েছে। নোটিশপ্রাপ্ত মাহফুজুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, “আমি জমি দখল করতে যাইনি, দলের কাছে যৌক্তিক জবাব দেবো।” উল্লেখ্য, গত রবিবার রাত ৯টার দিকে বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এক একর ৪৮ শতক জমি দখলচেষ্টা হয়। অভিযোগ রয়েছে, মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে শতাধিক লোক জমিটি দখল করতে যান। এ সময় স্থানীয়দের বাধায় তারা পিছু হটতে বাধ্য হন। জানা গেছে, উক্ত জমির মালিকানা দাবি করেন আত্মগোপনে থাকা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। মামুনের পরিবারের সঙ্গে স্থানীয় শওকত হোসেনের জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ৫ আগস্টের পর থেকে শওকত জমিটি দখলে রেখেছেন বলে জানা গেছে। বিএনপি নেতারা মামুনের পক্ষে অলিখিত চুক্তিতে জমি পুনর্দখলের চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। এর আগে গত ২৬ মার্চ বালুমহাল দরপত্র সংক্রান্ত বিরোধে এক সেনাসদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় মঞ্জুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
