শ্রীপুরে ট্রাক চাপায় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তার মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 1 July, 2024, 7:10 PM
শ্রীপুরে ট্রাক চাপায় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তার মৃত্যু
গাজীপুর জেলার শ্রীপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় ট্রাকচাপায় ইউনুস আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা গেছে তিনি তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছিলেন।
গতকাল রবিবার (৩০জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা উন্নয়ন বোর্ডের মেইন গেটের সামনে নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। ইউনুস আলী মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার মৃত আদম মোল্লার পুত্র। তিনি তুলা উন্নয়ন বোর্ডে বীজ তুলা সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজন (রাশেদ) জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকার রোড ডিভাইডারের কাছে একটি ট্রাক ইউনুস আলীর মোটর সাইকেলকে চাপা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। এসময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মটর সাইকেল আরোহী ইউনুস আলী।
মাওনা হাইওয়ে থানা পুলিশের এসআই ইসমাইল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে দেয়া হয়েছে। এ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন তাকে গ্রেফতারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।