পঞ্চগড়ের পথে পথে ফুটেছে বুনোফুল ল্যান্টেনা, উষ্ণতার বিপরীতে নীরব সৌন্দর্য
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Sunday, 21 April, 2024, 6:08 PM
পঞ্চগড়ের পথে পথে ফুটেছে বুনোফুল ল্যান্টেনা, উষ্ণতার বিপরীতে নীরব সৌন্দর্য
বর্তমানে সারাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা যখন ৪০-৪২ ডিগ্রী সেলসিয়াস তখন দেশের প্রান্তিক জেলা পঞ্চগড়ে বিরাজ করছে ৩০-৩২ ডিগ্রী সেলসিয়াসের সহনীয় তাপমাত্র। পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মৃদ্যুবাতাস গাছের পাতায় পাতায় দেখা যায় বাতাসের নৃত্যছন্দ। সেই সুযোগে প্রকৃতি যেন ছন্দে ফিরেছে। সবুজ ও সতেজতার পূর্ণতা নিয়ে আবির্ভূত হয়েছে সৌন্দর্যের নতুন রূপে।
প্রকৃতির সেই নতুন রূপের কিছুটা রেশ পড়েছে বুনোফুল ল্যান্টানার মাঝেও। নিরব, নির্জন ও কোলাহলমুক্ত মায়াময় পরিবেশে ফুটে উঠা ল্যান্টানা ফুল যেন মেলা বসিয়েছে চোখ চেপে ধরা সৌন্দর্যের।
গরমে ঘরের বাইরে মানুষের চলাচল সীমিত থাকায় আগাছা হিসাবে পরিচিত ল্যান্টানা ফুলের গাছগুলোতে কোন প্রভাব পড়েনি। তাই ল্যান্টানা ফুলগুলো যেন এবার একটু বেশি সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে।
পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চলে পথে পথে নদীর ধারে এই ফুল এখন হরহামেশাই চোখে পড়ে। পথিক থেমে যায় সৌন্দর্যের মায়ায়। সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের তালমা নদীর ঘাটে ঘাটে, আটোয়ারী উপজেলার ধামোর, ও তোড়িয়া ইউনিয়নে, তেঁতুলিয়ার কাজী পাড়া সহ পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এ ফুল এখন উষ্নতার বিপরীতে সৌন্দর্য ছড়াচ্ছে নীবর ভূমিকায়।
ল্যান্টানা। বিজ্ঞানসম্মত নাম Lantana camara। ল্যান্টানা আমেরিকা অঞ্চলের ফুল। ফুলগাছটি কষ্ট সহিষ্ণু হওয়ায় দেশের বন-জঙ্গল, পাহাড়ি টিলা, রাস্তা-ঘাটে অপ্রতিরোধ্য ভাবে বেড়ে উঠে।এর ফল কাঁচা অবস্থায় সবুজ পাকলে গাঢ় বেগুনি রঙের হয়। এটি প্রজাপতি বান্ধব গাছ। বাগানের সৌখিন ফুল হিসেবে লান্টানা দিন দিন জনপ্রিয় হচ্ছে। ল্যান্টানা ফুলে বুনো গন্ধ থাকলেও রূপের জুড়ি নেই। ফুলে রয়েছে কমলা, হলুদ, বেগুনি এবং সাদা রঙের মিশ্রণ। ফুলটির বৈশিষ্ট্য হলো সময়ের সাথে রং বদলানো। তাই নতুন ফুল ও পুরনো ফুলের মধ্যে রঙের ভিন্নতা দেখা যায়।
ল্যান্টানা ফুলে চোখ ধাঁধানো হলেও আমাদের দেশে এটি আগাছা হিসাবেই পরিচিত। প্রজাপতি বান্ধব গাছটির ভেষজ গুণ আছে। সব ঋতুতেই ল্যান্টানা ফুল ফুটে। তবে বর্ষায় বেশি দেখা যায়। গাছের পাকা বা শুকনো ফল থেকে বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করা যায়।
পঞ্চগড়ের প্রাণ প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা কারিগরের প্রধান নির্বাহী সরকার হায়দার বলেন যে কোন ফুল সৌন্দর্যের উষ্ণতা ছড়ায়। কিন্তু প্রকৃতির মাঝে যখন উষ্ণতা তখন শান্তির বার্তা নিয়ে ল্যান্টেনা ফুলের আগমন। এই ফুলটি প্রাকৃতিক ভাবে পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চলে ফুটে বিভিন্ন রঙ্গে বিভিন্ন ঢঙ্গে। সারাবছর ধরে আসা পর্যটকদের জন্য এই ফুলও হতে পারে অরুপরাহী।