পিরোজপুর সদর উপজেলায় পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি স্ট্যান্ডের সড়কে সোমবার ১৮মার্চ, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা উমেদপুর এলাকার মালেক শেখের ছেলে মো. হাসিব শেখ (২৫) ও ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকার নুর মোহাম্মাদের ছেলে মাসুম বিল্লাহ (৫০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন, পাড়েরহাট ইউনিয়নের বাদুরা এলাকার নুরু মিয়া এবং ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার আরিফ হোসেন। তাঁদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ির স্ট্যান্ডের সড়কে পিরোজপুর থেকে একটি মোটরসাইকেল পাড়েরহাটের দিকে যাচ্ছিল। অন্যটি ইন্দুরকানী থেকে পিরোজপুরে আসছিল। মল্লিকবাড়ি এলাকায় পৌঁছালে একজন পথচারীকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দুই মোটরসাইকেলের চারজন আরোহীকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গিলে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।