‘পুরুষদের বিরুদ্ধে বেশি কিছু বলে নিজের ভোট হারাতে চাই না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 March, 2024, 3:17 PM
‘পুরুষদের বিরুদ্ধে বেশি কিছু বলে নিজের ভোট হারাতে চাই না’
পুরুষদের বিরুদ্ধে বেশি কিছু বলে নিজের ভোট হারাতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের যে বৃত্তি দেই সেই বৃত্তির টাকা সরাসরি মায়ের নামে চলে যায়। মায়ের নামে দিলে টাকাটা থাকে, আর বাবার নামে দিলে সব সময় যে পাবে তা তো না। দেখা গেল জুয়া-টুয়া খেলে উড়িয়ে দিলো বা দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসে খেয়ে সাবাড় করে দিলো। মা সবসময় সঞ্চয় করে।
সরকারপ্রধান বলেন, আমরা নারীদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বর্ডার গার্ড, কোথাও নারীদের অবস্থান ছিল না। আমরা সেখানে একে একে সব বাহিনীতে মেয়েদের সুযোগ করে দেই।
তিনি বলেন, আমাদের শান্তিরক্ষা মিশনে মেয়েরা সবচেয়ে ভালো কাজ করছে। জাতিসংঘ এখন মেয়ে অফিসার চায়। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আমাদের মেয়েরা দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। একটা সুযোগ দিতে হয়, সুযোগ না দিলে হয় না।
প্রধানমন্ত্রী বলেন, আমি দেখেছি আমার মাকে, আমার বাবা সেই ১৯৪৮ সালে ভাষা আন্দোলন থেকে সংগ্রাম শুরু করেন। যখন আমার বাবা কারাগারে থাকতেন, তখন মা একদিকে সংসার, আমাদের মানুষ করার পাশাপাশি রাজনৈতিক দল করা, আন্দোলন সংগ্রামকে গড়ে তোলা, অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজগুলো করে গেছেন। তিনি যা করেছেন সবই পর্দার আড়ালে করেছেন। আমার মা বড় গেরিলা ছিলেন। গোয়েন্দা সংস্থাও কখনও ধরতে পারেনি।
মেয়েদের খেলাধুলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের মেয়েরা এভারেস্টে বাংলাদেশের পতাকা নিয়ে গেছে। পাশাপাশি খেলাধুলায়, অনেক সাধারণ ঘরের মেয়েরা স্বর্ণ জয় করে আনে, তারা তাদের দক্ষতা দেখায়। মেয়েরা তো ফুটবল খেলায় ভারতকেও তিন-এক গোলে হারিয়ে দিয়েছে। নেপালকে হারিয়েছে। সবদিক থেকে তারা পারদর্শিতা দেখাচ্ছে।