|
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় র্যাবের নায়েক সিটু খানকে দাফন
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় র্যাবের নায়েক সিটু খানকে দাফন শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের নুরুল ইসলাম ও আরেদা বেগম দম্পতির একমাত্র ছেলে সিটু খান। পৈতৃক ভিটা শেখটোলা গ্রামে হলেও সিটু খান স্ব-পরিবারে বসবাস করতেন উপজেলার সেলিমাবাদ এলাকার খানপাড়া গ্রামে। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ২০১৪ সালে যোগ দেন তিনি। মাতৃ ইউনিট কুষ্টিয়া জেলা পুলিশ থেকে ২০২৩ সালের ৯ই ফেব্রুয়ারিতে র্যাবে যোগদান করেন। এরপর একই সালের ২৩ ফেব্রুয়ারিতে র্যাব ৪-এ যোগ দিয়ে বর্তমানে তিনি সাভার ক্যাম্প সিপিসি ২-এ কর্মরত (ডিবি নং ৯১১৪১) ছিলেন। ২৮জানুয়ারী (শনিবার) দুপুরে নায়েক সিটু খানের মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসলে এলাকার মানুষজন উপস্থিত হন একনজর দেখার জন্য। পরবর্তীতে তাকে রাষ্ট্রীয় সম্মানার্থে সশস্ত্র সালাম প্রদান করেন র্যাবের একটি দল। এরপর চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার মোহাঃ আমিনুল ইসলাম উপস্থিত এলাকার জনসাধারণের উদ্দেশ্যে র্যাবের পক্ষ থেকে লিখিত শোক বিবৃতি পাঠ করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় গোরস্থানে তাকে চির নিদ্রায় সমাহিত করা হয়। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি শুক্রবার রাত ৩টার সময় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় মাইক্রোবাস যোগে উপস্থিত হন। ভোর ৫টা ৫৫ মিনিটে রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের ১টি বাস (ঢাকা মেট্রো ব ১৫/১১২৮) চাপা দিলে গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসার জন্য আশুলিয়া শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
