বিশ্বের ৬০৯ বিলিয়ন ডলারের প্লাস্টিক বাজারে যৎসামান্য আয়ে আটকে আছে বাংলাদেশ। এই শিল্পের সক্ষমতা বাড়াতেই ঢাকায় চার দিনের ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে বুধবার (২৪ জানুয়ারি)।
সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর বিজয়নগরে প্লাস্টিক শিল্পোদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খাতের সম্ভাবনার নানা দিক তুলে ধরেন উদ্যোক্তারা।
এই শিল্পের সক্ষমতা বাড়াতেই ১৬তম বারের মতো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, দেশের প্লাস্টিক খাতের প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। এখানের ৪টি সাব-সেক্টর খুবই উদীয়মান। এখাতগুলো দেশের রফতানি খাতে অবদান রাখতে পারবে। সেগুলো হচ্ছে, খেলনা, গার্মেন্টস এক্সেসরিজ, ফ্লেক্সিবল প্যাকেজিং ও হাউজহোল্প প্রোডাক্ট। মেলায় ৮০০ বুথে ২৮৪ কোম্পানি অংশ নিচ্ছে। ৫৪টি বাংলাদেশি কোম্পানি ১৬১ বুথে তাদের পণ্য প্রদর্শন করবে।
এসময় বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর দাবি জানানো হয়। বিপিজিএমইএ সভাপতি বলেন, আমরা টিকে থাকার চেষ্টা করছি। আমরা এ খাতের উন্নয়নের জন্য সরকার ও নীতিনির্ধারকদের সহযোগিতা চাই।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত এবারে মেলা শুরু হবে আগামী বুধবার (২৪ জানুয়ারি)। যেখানে প্লাস্টিক খাতের বিভিন্ন দিক তুলে ধরতে দুই দিনে চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
নানাভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরও বর্তমানে বিশ্বব্যাপী প্লাস্টিক পণ্যের বাজারের আকার দাঁড়িয়েছে ৬০৯ বিলিয়ন ডলারে। ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর যা বাড়বে ৪ শতাংশ হারে। এমন দাবি করে মার্কিন গবেষণা সংস্থা গ্রান্ড ভিউ রিসার্চ বলছে, বৃহৎ এই বাজারের আবার প্রায় অর্ধেক। ৪৫ শতাংশের বেশি দখলে রেখেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। যেখানে নেতৃত্ব দিচ্ছে চীন।
সম্ভাবনার দ্বার খুলে রাখা ক্রমবর্ধমান প্লাস্টিক পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশের যোগান কত? রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, এই বিশাল বাজার থেকে গত অর্থবছর বাংলাদেশ আয় করেছে মাত্র ২১ কোটি ডলার। প্লাস্টিক শিল্পের শীর্ষ সংগঠন বিপিজিএমইএ'র দাবি, প্রচ্ছন্নসহ এখাতের রফতানি আয় বর্তমানে দাঁড়িয়েছে ১২০ কোটি ডলারে।