ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ওয়ার্নারকে কিংবদন্তি মানেন না সাবেক অজি কোচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 4:07 PM

ওয়ার্নারকে কিংবদন্তি মানেন না সাবেক অজি কোচ

ওয়ার্নারকে কিংবদন্তি মানেন না সাবেক অজি কোচ

সিডনি টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন ডেভিড ওয়ার্নার। আর সেই টেস্ট শুরুর আগে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দেওয়ায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার ম্যাচটাই হয়ে থাকছে ওয়ার্নারের শেষ। এখন শুধু টি-টোয়েন্টি থেকেই বিদায় বাকি এই ৩৭ বছর বয়সীর। প্রায় সবকিছু জিতে আর পরিসংখ্যানের খাতা ভারী করেই বিদায় বলেছেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত ও দলীয় অর্জনে ঝলমলে ওয়ার্নারের ক্যারিয়ার। দুটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি আর অ্যাশেজ; সবই আছে তার ভাণ্ডারে। ৩৭২ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮ হাজারের বেশি রান আর ৪৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। টেস্টে তিনি অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রানের মালিক। এর বাইরে তার আগ্রাসী ব্যাটিং আর মাঠের ভেতরের-বাইরের বৈচিত্রপূর্ণ আচরণ তাকে মনে রাখতে বাধ্য করবেই। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যে তার নাম ভালোভাবে লেখা থাকবে তা বলাই যায়।


অনেক ক্রিকেটবোদ্ধা, সাবেক খেলোয়াড় ও সমর্থক ওয়ার্নারকে কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় রাখছেন। তবে তাদের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ জেতানো কোচ জন বুকানন।


অস্ট্রেলিয়ার এসইএন রেডিওর এক অনুষ্ঠানে বুকাননকে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়ার্নার অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তিদের তালিকায় জায়গা পাবেন কিনা? সরাসরিই উত্তরটা দিয়েছেন তিনি, ‘আমার মনে হয় না।’

১৯৯৯ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন বুকানন। তার অধীনে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ায়। একবার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছেন। তার দলে খেলেছেন রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্টদের মতো কিংবদন্তি খেলোয়াড়রা। এমন মহাতারকাদের দল সামলানো বুকানন ওয়ার্নারকে তাদের সারিতে ওয়ার্নারকে দেখেন না।


শুরুতে ওয়ার্নারের ক্যারিয়ারকে ‘দারুণ’ আখ্যা দিয়ে বুকানন বলেন,‘আমি মনে করি, সে ক্যারিয়ারজুড়েই দারুণ খেলেছে। ৮ হাজারের বেশি রান, ১০০–এর বেশি টেস্ট, ১৬০-এর বেশি ওয়ানডে ও প্রায় ১০০ টি-টোয়েন্টি খেলেছে সে। সংস্করণভেদে অন্যদের সঙ্গে তুলনা করলে তার গড় ভালোই। আর খেলার ধরনের কারণেই তার স্ট্রাইক রেট অনেক বেশি।’

ওয়ার্নারকে কিংবদন্তিদের কাতারে না রাখার পেছনের যুক্তিও দিয়েছেন এই বিশ্বজয়ী কোচ, ‘শুধু যদি পারফরম্যান্সের বিচার করেন, তাহলে সে ওই উচ্চতায় আছে। কিন্তু আমার চোখে তারাই কিংবদন্তি, যারা এমন কিছু করেছে, যা অন্যদের পক্ষে করা সম্ভব নয়। এভাবে ভাবলে আপনা–আপনিই ব্র্যাডম্যান, ম্যাকগ্রা ও ওয়ার্নের নাম চলে আসে। আমার কাছে ওরাই কিংবদন্তি। অন্যরা কাছাকাছি আসবে, তবে একই ক্যাটাগরিতে পড়বে না। আর আমি ওয়ার্নারকে ওই ক্যাটাগরিতে দেখি না।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status