ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
স্যার আমি সংসার করতে চাই, আমার দুটি বাচ্চা আছে’ অতঃপর...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 December, 2023, 12:46 AM

স্যার আমি সংসার করতে চাই, আমার দুটি বাচ্চা আছে’ অতঃপরins class=

স্যার আমি সংসার করতে চাই, আমার দুটি বাচ্চা আছে’ অতঃপর

ছয় মাস আগে বিচ্ছেদ হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের এক দম্পতির। তাদের সংসারে আছে দুটি সন্তানও। বিচারকের চেষ্টায় সন্তানদের জন্য আদালতেই ফের বিয়ে হলো তাদের। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ুন কবীরের চেষ্টায় তার কক্ষেই দুই সন্তান কোলে নিয়ে তাদের বিয়ে হয়।

আদালত সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে বিয়ে করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওই দম্পতি। পরে তাদের ঘর আলোকিত করে আসে দুই সন্তান। কিন্তু পারিবারিক কলহের জেরে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ হয়।

এ নিয়ে ২০২২ সাল থেকেই আদালতে মামলা চলছিল। বৃহস্পতিবার ছিল সে মামলার শুনানির দিন। এ সময় বাচ্চা দুটোর কথা চিন্তা করে বিচারক দু’পক্ষের সম্মতিতে পুনরায় তাদের বিয়ের আয়োজন করেন। ওই সময় আইনজীবী মো. মাসুদ রানা ও আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।

এ নিয়ে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। অবশেষে সফল, একগাল হাসি। বরাবরের মতো আজও আমার বিচারকাজে অনেকগুলো মামলার মধ্যে একটি মামলার ডাক পড়লো। বাদী এবং আসামির দিকে তাকাতেই চোখে পড়ল দুটি অবুঝ শিশু। নিষ্পাপ চাহনি, মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। একটা মায়ের কোলে, আরেকটা মায়ের সঙ্গে কাঠগড়ায় দাঁড়ানো।

বাদীকে জিজ্ঞাসা করলাম আপনি কি সংসার করবেন? বললো জি স্যার। আসামিকে জিজ্ঞাসা করলাম বললো, আমি সংসার করবো না স্যার। আমি বললাম দেনমোহরের টাকা কী পরিশোধ হয়েছে? জিজ্ঞাসা করতেই মেয়েটা বললো, স্যার আমি সংসার করতে চাই, আমার দুটি বাচ্চা আছে। আমি বললাম কেউ যদি সংসার করতে না চায়, আমি কি জোর করে সংসার করাতে পারি। উভয়পক্ষের আইনজীবী কিছু বলতে চাচ্ছিলেন। আমি বললাম এজলাস থেকে নেমে আমি উভয়পক্ষকে নিয়ে বসবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। বিকেলে উভয়পক্ষের বিজ্ঞ আইনজীবীসহ তাদের নিয়ে বসলাম। দীর্ঘ আলোচনা হলো। অনেক তিক্ততা, অবশেষে মিষ্টতায় পরিণত। এই বিয়ের মাধ্যমে বাচ্চারা ফিরে পায় তাদের বাবা-মাকে, আর বাবা-মা ফিরে পায় তাদের হারানো সংসার।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর বলেন, মেয়েটা সংসার করতে চায়। দু’জনকে নিয়ে বসে দু’ঘণ্টা চেষ্টার পর তারা এক হওয়ার সিদ্ধান্ত নেন। দুজনই সংসার করতে রাজি হন। পরে কাজি ডেকে তাদের বিয়ে দেওয়া হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status