বাকি দিয়ে ‘ফতুর’ হোটেল ব্যবসায়ী, বেশির ভাগ ক্রেতা ছাত্রলীগ নেতাকর্মী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 December, 2022, 9:29 AM
বাকি দিয়ে ‘ফতুর’ হোটেল ব্যবসায়ী, বেশির ভাগ ক্রেতা ছাত্রলীগ নেতাকর্মী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বাকি দিয়ে ‘ফতুর’ হয়ে গেছেন মানিক হোসেন বাবু নামের এক হোটেল ব্যবসায়ী। ফলে পাঁচ দিন ধরে দোকান বন্ধ রেখে ধারের টাকায় সংসার চালাচ্ছেন তিনি। শিক্ষার্থীদের কাছে প্রায় আড়াই লাখ টাকা বাকি পড়েছে তার। দোকান বন্ধ থাকায় ১৩ জন কর্মচারীও কাজ হারিয়েছেন।
মানিক হোসেন বাবুর বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশের মেহেরচণ্ডী এলাকায়। ২০০০ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি খাবারের দোকান চালিয়ে আসছেন। শিক্ষার্থীদের কাছে তিনি ‘বাবু ভাই’ নামে পরিচিত। বাবুর দোকানে প্রায় পাঁচটি হলের শিক্ষার্থীরা খাবার খান। অনেক টাকা বাকি পড়ায় গত বুধবার তার খাবারের দোকানটি বন্ধ হয়ে যায়।
হঠাৎ দোকান বন্ধের বিষয়ে মানিক হোসেন বাবু বলেন, ‘করোনার পর থেকে তিন-চারজন আছে যারা কোনো টাকাই দেয়নি। তবে ছাত্রলীগের সম্মেলনের কারণে বেশি টাকা বাকি পড়ে যায়। ছাত্রলীগের ছেলেরা বলে সম্মেলনের পরে টাকা দেবে। কিন্তু সম্মেলন স্থগিত হয়ে যাওয়ার পর তারা আর কেউ কাছে ভেড়েনি। বাধ্য হয়ে আমি দোকান বন্ধ রেখেছি। বর্তমানে আমার কাছের কোনো টাকা-পয়সা নেই, ফতুর হয়ে গেছি। আর বর্তমানে অন্যের কাছ থেকে ধারদেনা করে সংসার চালাচ্ছি। ’
ছাত্রলীগের বিষয়ে তিনি বলেন, ‘বাকি খাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের ছেলেপেলেরাই বেশি। সাধারণ শিক্ষার্থীও আছে। তবে ছাত্রলীগের ছেলেদের কাছে বাকির অঙ্ক বেশি। সব মিলিয়ে শিক্ষার্থীদের কাছে বাকি দুই-আড়াই লাখ টাকার ওপরে। এক নেতার কাছে সর্বোচ্চ ২৯ হাজার টাকা পাব। দোকান বন্ধ থাকায় দোকানের ১৩ জন কর্মচারীও বেকার হয়ে গেছে। ’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে বাকি খাওয়ার কোনো সুযোগ নেই। তবে কে খেয়েছে আর কে বাকি রেখেছে, এটা আমার জানা নেই। এত টাকা তিনি কেন বাকি দিলেন সেটিও আমার বোধগম্য নয়। তবে ওই খাবারের দোকান মালিক এ বিষয়ে আমাদের জানালে ছাত্রনেতা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তার বাকি পড়ে যাওয়া টাকাগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করব। ’