ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন নিতে হাইকোর্টে আসেন কলেজ ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ জন।
মঙ্গলবার (৪ অক্টোবর) হাইকোর্টে এসে গণমাধ্যমকর্মীদের দেখে মুখ লুকান ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা।
এ সময় গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে তারা বাধা দেন এবং সাংবাদিকদের সঙ্গে বেশ উচ্চবাচ্য করেন। তাদের বলতে শোনা গেছে, ‘আপনাদের ঘরে কি মা-বোন নেই?’
তখন এক গণমাধ্যমকর্মী জানতে চান, ‘মারামারি করার সময় আপনাদের বিবেক কোথায় ছিল?’ তারা এ প্রশ্নের কোনো উত্তর দেননি।
মামলার জামিন আবেদনে বলা হয়েছে ‘তারা শান্তিপ্রিয়, আইন মান্যকারী, এলাকায় সুনাম রয়েছে এবং কলেজের নিয়মিত ছাত্রী।’যদিও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মারামারির বেশ কিছু অভিযোগ রয়েছে।
শুনানির পর মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ জন।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (৩ অক্টোবর) ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় লালবাগ থানায় দায়ের করা অপর মামলায় বহিষ্কৃত ৯ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
গত বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ইডেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার বাদী হয়ে লালবাগ থানায় এ মামলা করেন। ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানার বিরুদ্ধে মামলা দায়েরের পর অপরপক্ষকেও আসামি করে পাল্টা মামলা করেন তিনি। রিভা-রাজিয়ার অনুসারী হিসেবে পরিচিত।
একই দিন (২৮ সেপ্টেম্বর) ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়।