যশোর রূপদিয়ায় সহিংসতায় বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২৮ জন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর থেকে
প্রকাশ: Monday, 29 August, 2022, 11:45 AM
যশোর রূপদিয়ায় সহিংসতায় বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২৮ জন
যশোর রূপদিয়ায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সদস্য যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের এসএম আকরাম হোসেনের ছেলে ফারুক হোসেন। মামলার পর শনিবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ২৮ নেতাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন সাতজন ও বাকি ২১জন তদন্তেপ্রাপ্ত আসামি।
মামলায় বাদী উল্লেখ করেন, আগষ্ট মাসজুড়ে তারা বিভিন্ন এলাকায় শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে আসছিলেন। এসব বিষয়ে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সেমিনার কক্ষে শনিবার সকাল ১১ টায় চেয়ারম্যান রাজু আহম্মেদকে নিয়ে আলোচনা করছিলেন। একই সময় পাশের ইউনিয়ন কচুয়াতে বিএনপির সমাবেশ চলছিলো।
ওই সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন বিস্ফোরক দ্রব্য নিয়ে রূপদিয়া বাজারের দিকে ধেয়ে আসে। পরে আসামিরা ইউনিয়ন পরিষদের সামনে কয়েকটি ককটেল মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ইউনিয়ন পরিষদ ভাংচুর করে। যাতে ২০ লাখ টাকার ক্ষতি হয়। পরিষদেও গেটের সামনে চেয়ারম্যান রাজুর পাজেরো গাড়ি ও একটি প্রাইভেট এবং একটি মোটরসাইকেল ভাংচুর করে। এতে সাড়ে সাত লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া রাজুর গাড়িতে থাকা একলাখ ৩৫ হাজার টাকা লুট করে। এসময় চেয়ারম্যান রাজুসহ অন্যরা এগিয়ে আসলে আসামিরা রামদা, লোহার রড়ও দেশীয় অস্ত্র নিয়ে রাজুর সাথে থাকা ১০জনকে মারপিট করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।মামলার পর তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮জনকে আটক করে আদালতে সোপর্দ করেন।