সপ্তাহ পেরোলেও উদ্ধার হয়নি ফোন, ক্ষুব্ধ সেই জবি ছাত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 July, 2022, 12:53 PM
সপ্তাহ পেরোলেও উদ্ধার হয়নি ফোন, ক্ষুব্ধ সেই জবি ছাত্রী
ছিনতাইকারী ধরে পেটানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিসা আক্তারের মোবাইল ফোনটি এক সপ্তাহ পরও উদ্ধার করতে পারেনি তেজগাঁও থানা পুলিশ।
এতে গবেষণা প্রতিবেদন জমা দিতে ভোগান্তি পোহাতে হয়েছে তাঁকে। তবে ফোনটি উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলে দাবি করেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম।
তিনি বলেন, আমরা এখনও ফোন উদ্ধার করতে পারিনি। কিন্তু আমরা থেমে নেই। ছিনতাইয়ের পর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে আমরা বেশ কয়েকজন ছিনতাইকারীকে আটক করেছি। আমাদের পুরো টিম কাজ করছে।
বৃহস্পতিবার ছিল পারিসার গবেষণার (থিসিস) কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন। বহু কষ্টে তিনি গবেষণাপত্র জমা দেন।
তিনি বলেন, গত ছয় মাসের কাজের হার্ডকপি ছিল। এ ছাড়া গুগোল-ইমেইলে থাকা কিছু তথ্য ফিরে পেয়েছেন। গত দু'দিনে নির্ঘুম পরিশ্রমে কাজটি মোটামুটি শেষ হয়েছে। এ ব্যাপারে বিভাগের শিক্ষকরাও সাহায্য করেছেন।
তবে সপ্তাহ পেরোলেও প্রকৃত ছিনতাইকারী অধরা থাকা এবং ফোন উদ্ধার না হওয়াই ক্ষুব্ধ তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, আমি নিজে দুইজন ছিনতাইকারী ধরিয়ে দিলাম পুলিশকে। ফলে পুলিশের কাজ আরও সহজ করে দিয়েছি। তারপরও আমার ফোন উদ্ধার হয়নি। কী হচ্ছে বুঝতে পারছি না।
এর আগে গত ২১ জুলাই কারওয়ান বাজার এলাকা থেকে এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।