মে মাসে গণপিটুনিতে নিহত ৭, নারী ও শিশু নির্যাতন ৪১৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 June, 2022, 12:30 AM
মে মাসে গণপিটুনিতে নিহত ৭, নারী ও শিশু নির্যাতন ৪১৪
চলতি বছরের মে মাসে চোর-ডাকাত সন্দেহে ১১টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
১ থেকে ৩১ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ও জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। এক্ষেত্রে প্রতিটি ঘটনা স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে যাচাই করা হয়েছে।
এমএসএফ জানিয়েছে, মে মাসে ৩৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং ১৬ জন গুলিবিদ্ধসহ ৫৬৯ জন আহত হয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার দুটি ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজনের, কারাগারে পুলিশি হেফাজতে আটজনের এবং পুলিশের গ্রেপ্তারকালে ধাওয়া খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এমএসএফ আরও জানিয়েছে, মে মাসে ৪১৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় ৪৭টি বেশি। এ মাসে ৮৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা গত মাসে ছিল ৭১টি।এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ২২টি, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে চারটি। এদের মধ্যে চারজন কিশোরীসহ ১০ জন প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী কিশোরী ও দুই নারী।
মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় একজন সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন।
দেশে ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এবং ক্রমাগত মানবাধিকার লংঘন বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।