বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল থেকে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পল্টন থানার এসআই (নিরস্ত্র) মো. কামরুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার পল্টন থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় এজাহারে বলা হয়েছে, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দিয়েছে। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করেছে মিছিলকারীরা। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হয়েছেন। পুলিশ সেখান থেকে ৪৪টি মশালের কাঠের লাঠি, ১৫টি বাঁশের লাঠি ও ৫৫টি ইটের টুকরা উদ্ধার করে।
পল্টন থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মিছিল থেকে তারা গাড়ি ভাঙচুর করে। তাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আটজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।অন্য একজন জামিন পেয়েছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পল্টন থানার ওসি।