নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে সহপাঠী বন্ধুদের ছুরিকাঘাতে ধ্রুব (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে ৮টায় ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। আটককৃতরা হলো ফতুল্লা থানার অন্তর চন্দ্র শীল (১৭),শ্রী পচন (১৬),জয় চন্দ্র দাস (১৭) ও মোঃ ইয়াসিন (১৫)। নিহত ধ্রুব (১৫) ফতুল্লার ইসদাইর এলাকার মাধব চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্রুব, ইয়াসিন,পিয়াস, রিপন, অন্তরসহ কয়েকজন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা একসাথে চলা ফেরা করে। স্কুল ছুটির পর প্রত্যেকেই স্কুলে সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। এতে কোনো এমটি বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। আটক ইয়াসিন জানায়, পিয়াস তাকেসহ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ধ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। এরপর ধ্রুবকে পিয়াস ছুরিকাঘাত করে ও অন্যরা মারধর করে।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় ধ্রুবকে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে পারবো এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।