ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কেমন হবে টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 April, 2022, 1:40 PM

কেমন হবে টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড

কেমন হবে টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ২৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ততদিনে স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে এটাও নির্ধারিত হয়ে গিয়েছে, তাঁর জায়গায় কে আসবেন। ফার্গুসন নিজেই এভারটনের ম্যানেজার ডেভিড ময়েসকে উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ইউনাইটেডের কর্তাব্যক্তিদের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছেন।

অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর মৌসুম শেষের আগে ঘরের মাঠে সেদিন ১২ মে ছিল ইউনাইটেডের শেষ ম্যাচ, সোয়ানসি সিটির বিপক্ষে। হাভিয়ের চিচারিতো হার্নান্দেজ আর রিও ফার্ডিনান্ডের গোলে কিংবদন্তি কোচকে ওল্ড ট্রাফোর্ডে জয় উপহার দিয়ে বিদায় জানিয়েছিল রেড ডেভিলরা। ম্যাচ শেষে কানায় কানায় ভর্তি ওল্ড ট্রাফোর্ডকে উদ্দেশ্য করে ফার্গুসন বলেছিলেনন - ‘আপনাদের কাজ এখন নতুন কোচকে সমর্থন দেওয়া।’

সমর্থনে কাজ হয়নি। ময়েসের ব্যর্থতায় বছর ঘুরতে না ঘুরতেই আরেক ম্যানেজারের দ্বারস্থ হয় ইউনাইটেড। ফার্গুসন যাওয়ার পর নিয়মিত সাফল্য না আসলেও, ইউনাইটেডের ডাগআউটে একের পর এক নতুন ম্যানেজারের নিয়মিত আনাগোনা হয়েছে ঠিকই। এই নয় বছরে ডেভিড ময়েস ছাড়াও ইউনাইটেডের ম্যানেজার হিসেবে দেখা গিয়েছে নেদারল্যান্ডসের বিখ্যাত কোচ লুই ফন গাল, ফন গালের এককালের কোচিং-শিষ্য জোসে মরিনিও, ফার্গুসনের সরাসরি ছাত্র উলে গুনার সুলশার ও জার্মানির কিংবদন্তি কোচ রালফ রাংনিককে। ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেব করলে তালিকাটা আরেকটু লম্বা হবে রায়ান গিগস ও মাইকেল ক্যারিকের কল্যাণে।

কিন্তু সাফল্য? সোনার হরিণ হয়েই থেকে গেছে। ফার্গুসন যাওয়ার পর লিগ বা চ্যাম্পিয়নস লিগ, কোনোটাই জেতা হয়নি ইউনাইটেডের। এখন তো অবস্থা এমনই খারাপ—আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আদৌ জায়গা পাওয়া যায় কি না, সেটা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রোনালদোরা। নিজের কোচিং দর্শন দিয়ে ক্লপ-নাগলসমান কিংবা গার্দিওলা-টুখেলকে প্রভাবিত করা কোচ রাংনিকও মাস পাঁচেক থেকে বুঝে গিয়েছেন, ব্যর্থতার যে কানাগলিতে ইউনাইটেড ঘুরে ঘুরে মরছে, সেখান থেকে উদ্ধার করা তাঁর কম্মো নয়।

অনন্যোপায় ইউনাইটেড এবার তাই এরিক টেন হাগের দ্বারথ হয়েছে। আয়াক্সকে তিনবার লিগ জেতানো, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে গিয়ে সবাইকে চমকে দেওয়া ডাচ কোচের ছোঁয়ায় সাফল্যের আলো একটু যদি ওল্ড ট্রাফোর্ডে প্রবেশ করে, সেই আশায়। ম্যাথিয়াস ডি লিখট, ফ্রেঙ্কি ডি ইয়ং, ডনি ফন ডি বিক কিংবা হাকিম জিয়াশদের তারকা হওয়া যে কোচের অধীনে। টেন হাগের সঙ্গে আপাতত চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত, তবে দুই পক্ষ সম্মত থাকলে আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে চুক্তিতে। বর্তমান কোচ রালফ রাংনিক কোচিং ছেড়ে ইউনাইটেডে পরামর্শকের ভূমিকা নিচ্ছেন।

কিন্তু যে কাজে ফন গাল, মরিনিওর মতো বাঘা-বাঘা কোচ সফল হননি, টেন হাগ হবেন? ফার্গুসন যাওয়ার পর ইউনাইটেডের দায়িত্ব নেওয়া প্রত্যেক কোচই এক বিন্দুতে মিলেছেন এক জায়গায়। সবাই আগে-পরে অন্যান্য ক্লাবে কমবেশি সফল হলেও, এক ইউনাইটেডে এসেই ব্যর্থ। কেউই সমর্থকদের প্রত্যাশার চাপ সামলাতে পারেননি। প্রত্যেক কোচের সামর্থ্য ও প্রতিভার সবটুকু যেন শুষে নিয়েছিল ইউনাইটেড।

ফলে এমনটা মনে হওয়াই স্বাভাবিক, সাফল্য না পাওয়ার দায় যতটা কোচদের, তার চেয়ে বেশি ইউনাইটেডের বর্তমান সংস্কৃতির। এমন বৈরী পরিস্থিতি মোকাবিলা করে টেন হাগ সফল হতে পারবেন তো?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status