যে কারণে নিউমার্কেটে সংঘর্ষ, ব্যবসায়ী-শিক্ষার্থীরা যা বলছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 10:45 AM
যে কারণে নিউমার্কেটে সংঘর্ষ, ব্যবসায়ী-শিক্ষার্থীরা যা বলছে
নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া চলে। পরে রাত আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে মোটরসাইকেল এবং ফুটপাতে থাকা আসবাবপত্র পুড়ছে। এছাড়া ইট ও কাঁচের ভাঙা টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সড়কজুড়ে।
কী নিয়ে সংঘর্ষ?
রাতে শিক্ষার্থীরা জানান, নিউমার্কেটের ব্যবসায়ীরা তাদের এক সহপাঠীর ওপর হামলা চালিয়েছেন। পরে কলেজের আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে নিউমার্কেটে যান। এ সময় নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করা হয়। এর পাশাপাশি কিছু ব্যবসায়ীকেও মারধর করা হয়। এরপরই নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরোলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।
অপরদিকে ব্যবসায়ীরা বলেছেন, নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন ঢাকা কলেজের কয়েকজন ছাত্র। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের বাকবিতণ্ডা হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাঙচুর করতে থাকে। পরে ব্যবসায়ীরা বের হন।
নিউমার্কেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেছে, এ ঘটনার শান্তিপূর্ণ সমাধান না হলে নিউমার্কেটের কোনও দোকান খুলতে দেওয়া হবে না।
ঢাকা কলেজের আজকের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
ঢাকা কলেজের আজ মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।
সোমবার রাতে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।
ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।