মূল্যছাড়ে পোশাক বিক্রির নামে প্রতারণা, জরিমানা লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 11:07 PM
মূল্যছাড়ে পোশাক বিক্রির নামে প্রতারণা, জরিমানা লাখ টাকা
মূল্যছাড়ে পোশাক বিক্রির নামে প্রতারণার দায়ে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর।
রোববার (১৭ এপ্রিল) রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের আইআরও নামের একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
তিনি বলেন, একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই ব্যক্তি ৫০ শতাংশ ছাড়ে ২৪৯০ টাকায় পাঞ্জাবি কিনে বাসায় গিয়ে দিখেন এতে তিনটি ভিন্ন দামের স্টিকার লাগানো। প্রথমটিতে লেখা ২৪৯০ টাকা, দ্বিতীয়টি লেখা ১৭৯০ টাকা এবং তৃতীয়টিতে লেখা ১১৯০ টাকা। অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে আরও কয়েকটি পোশাকে এমন ভিন্ন ভিন্ন দামের স্টিকার পাওয়া গেছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, রাজধানীর কামরাঙ্গীর চরে দুটি সেমাই কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।
তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদপত্রের শর্ত ভঙ্গ করে নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত করায় ওই দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।