বাইরে সিসি ক্যামেরা, ভেতরে স্বামী-স্ত্রীর রমরমা ব্যবসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 12:01 PM
বাইরে সিসি ক্যামেরা, ভেতরে স্বামী-স্ত্রীর রমরমা ব্যবসা
বাড়ির চার পাশেই সিসি ক্যামেরা লাগানো। দেখে অতিরিক্ত নিরাপত্তার কারণ মনে হলেও মূলত বাড়ির ভেতরে চালাচ্ছিলেন মাদক ব্যবসা। দীর্ঘদিন ধরে রমরমা এ ব্যবসা করছিলেন এক দম্পতি। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের হাতে স্ত্রী ধরা পড়লেও পলাতক রয়েছেন স্বামী।
আটক নারীর নাম জেসমিন আক্তার। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম গাছতলা বাড়ি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী। মঙ্গলবার অভিযান চালিয়ে জেসমিনকে আটক করা হয়।
বুধবার এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
তিনি জানান, বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা করছিলেন এক দম্পতি- এমন সংবাদে মঙ্গলবার উপজেলার ঝলম গাছতলা বাড়ি এলাকায় অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মাদক ব্যবসায়ী মনির হোসেন। পরে তার স্ত্রী জেসমিনকে আটক করা হয়।
চৌধুরী ইমরুল হাসান আরো জানান, তাদের ঘরে তল্লাশি চালিয়ে এক হাজার ৮১৫ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি সিসি ক্যামেরা ও একটি মনিটর উদ্ধার করা হয়। মূলত প্রশাসনের গতিবিধি জানতে বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগিয়েছেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।