কুমিল্লার মুরাদনগরে চুরি হওয়া গরুর চামড়া ও দড়ি নহল চৌমুহনী রাস্তার পাশে অস্থায়ী কসাইখানা থেকে উদ্ধার করেছেন গরুর মালিক ও স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কসাই কাইয়ূম নামে একজনকে আটক করে।
গরুর মালিক হাসান মিয়া বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময় গরুটি চুরি হয়ে যায়। সকালে গরু খোঁজতে খোঁজতে ধামঘর দিয়ে নহল চৌমুহনী আসলে রাস্তার পাশে কসাইখানায় গরুর চামড়া ও দরি দেখতে পাই। তখন আমি নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে জবাইয়ের স্থান থেকে কসাই কাইয়ূমকে আটক করেন।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বাদীর শনাক্ত অনুযায়ী গরুর চামড়াসহ কসাই কাইয়ূমকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের চিহিৃত করে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।