ফের কলকাতায় ভিড়ে খুশিতে যা বললেন প্যাট কামিন্স (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 5:07 PM
ফের কলকাতায় ভিড়ে খুশিতে যা বললেন প্যাট কামিন্স (ভিডিও)
গত আসরে কলকাতা নাইট রাইডার্স দলে খেলেছেন প্যাট কামিন্স। এবার নিলামের আগে তাকে ছেড়ে দেয় নাইট কর্তৃপক্ষ।
তবে ফের কামিন্সেই ভরসা রাখল ফ্রাঞ্চাইজিটি। এবারের নিলামে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কামিন্সকে ৭ কোটি ২৫ লাখ রুপিতে রেখে দিল কলকাতা।
গত আসরে সর্বোচ্চ মূল্যের তারকা ছিলেন কামিন্স। এ অলরাউন্ডারকে ১৫ কোটি ৫০ লাখে কিনেছিল কলকাতা।
এদিকে পুরনো দলে ফিরতে পেরে আনন্দে আত্মহারা অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক। দলের মালিক শাহরুখ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ অসি তারকা জানালেন, মাঠে নামার জন্য আর তর সইছে না তার।
নিলাম চলাকালেই এক ভিডিওবার্তায় কামিন্স বলেন, ‘আরও একবার কলকাতায় ফিরে খুব ভাল লাগছে। বেঙ্কি (মাইসোর), শাহরুখ খান ও ম্যানেজমেন্টের সবাইকে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। নাইটদের গ্রহে ফিরেছি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আর তর সইছে না।’
আজ নিলামে প্রথম থেকেই বিড করা শুরু করে কলকাতা। তাদের সঙ্গে পাল্লা দেয় গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। কিন্তু একটা সময়ের পরে আর দৌড়ে থাকতে পারেনি তারা। শেষে ৭ কোটি ২৫ লাখে টাকায় কামিন্সকে দলে ভেড়ায় কলকাতা।
২০২০ সালে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনেছিল কলকাতা। তার পর থেকে সেখানেই খেলেছেন তিনি। আইপিএল-এ ৩৭ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। গত মরসুমে ১৪ ম্যাচে ১২ উইকেট নেন কামিন্স। ওভার পিছু রান দেন ৭.৮৬। ব্যাট হাতেও ১৪৬ রান করেন তিনি।
কেকেআরের টুইটার পেজে কামিন্সের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।