৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা গেছেন ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, আজ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য হবে।
শিবাজি পার্কে একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে লতা মঙ্গেশকরের মরদেহ রাখা হবে আর জনসাধারণ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে এরই মধ্যে বিভিন্ন অঙ্গনের তারকারা তার বাসভবনে উপস্থিত হয়েছেন।
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সুরসম্রাজ্ঞীর সম্মানে আজ ও আগামীকাল দু’দিন ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
লতার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন অঙ্গনের মানুষ শোক শোক প্রকাশ করেছেন।