দুবাই থেকে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়িটি উদ্ধার করা হয়েছে। ভারতের আসামে ঘড়িটি পাওয়া গেছে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। তার কাছ থেকেই উদ্ধার হয় ঘড়িটি।
এই খবর টুইট করে নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’
আসাম পুলিশের তরফে জানানো হয়েছে, দুবাই পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে ব্যক্তি ম্যারাডোনার ঘড়ি চুরি করেছেন তিনি আসামে লুকিয়ে আছেন। সেই খবর পেয়ে তারা খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত শনিবার ভোর চারটার দিকে শিবসাগর জেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ওই দুষ্প্রাপ্য দামি ঘড়িটিও উদ্ধার করা হয়।
জানা গেছে, ম্যারাডোনার সই করা তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী দুবাইয়ের একটি সংগ্রহশালায় রাখা ছিল। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। চলতি বছর আগস্ট মাসে তিনি ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন। তবে সেটি বিক্রি করতে পারেননি তিনি। তার আগেই ধরা পড়লেন।