হাতে কাচ্চি, খাবেন একসঙ্গে, হঠাৎ প্রেমিকার সামনে আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 8:46 PM
হাতে কাচ্চি, খাবেন একসঙ্গে, হঠাৎ প্রেমিকার সামনে আত্মহত্যা
রাজশাহী মহানগরীতে প্রেমিকার সামনে বুকে ছুরি মেরে ও পরে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার 'মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁ'র সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের 'মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁ' থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করেন। এরপর বিষপান করে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে আশেপাশের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ওই যুবক প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তববে সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'