ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
প্রভাবাশালীদের গোপন সম্পদের তথ্য ফাঁস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 October, 2021, 1:02 PM

প্রভাবাশালীদের গোপন সম্পদের তথ্য ফাঁস

প্রভাবাশালীদের গোপন সম্পদের তথ্য ফাঁস

এ যাবৎকালের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের এক ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য বেরিয়ে এসেছে।

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার - এমন আরো অনেক নেতার গোপন সম্পদের তথ্য এতে প্রকাশ পেয়েছে।

প্যানডোরা পেপার্স নামে এসব দলিলপত্রে প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার নাম রয়েছে - যারা বিভিন্ন বিদেশী কোম্পানির সাথে সংশ্লিষ্ট।

বিবিসি প্যানোরামার প্রকাশ করা এসব দলিলে দেখা যায়, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে ৭ কোটি পাউণ্ডের বাড়ি-জমির মালিক হয়েছেন।

আরো জানা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোনাকোয় গোপন সম্পদের সাথে সম্পর্কিত।

আজারবাইজানি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও তার সহযোগীরা যুক্তরাজ্যে প্রায় ৪০ কোটি পাউন্ডের জমি-বাড়ি কেনাবেচার চুক্তিতে জড়িত ছিলেন বলে এসব দলিলে দেখা গেছে।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রীর ব্যাপারে জানা গেছে যে তারা লন্ডনে একটি অফিস কেনার সময় ৩১২,০০০ পাউণ্ড কর স্ট্যাম্প শুল্ক বাঁচিয়েছেন। ওই ভবনের মালিক একটি বিদেশী কোম্পানিও তারা কিনে নিয়েছেন।

জর্ডানের বাদশাহর আইনজীবীরা জানিয়েছেন, তার জমি-বাড়িগুলো ব্যক্তিগত সম্পদ দিয়েই কেনা এবং সাধারণতঃ এরকম উচ্চপদস্থ ব্যক্তিদের সম্পত্তি অফশোর কোম্পানির মাধ্যমেই কেনা হয় - নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে।

গত সাত বছরে প্যারাডাইস পেপার্স, পানামা পেপার্স ইত্যাদি নামে যেসব গোপন দলিলপত্র ফাঁস হয়েছে, - এই প্যানডোরা পেপার্স হচ্ছে তার সবশেষ ঘটনা।

বিবিসি প্যানোরামা, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এবং আরো কিছু মিডিয়া অংশীদার মিলে বিশ্বের ১৪টি কোম্পানির এই ১ কোটি ২০ লাখ দলিলপত্র হাতে পেয়েছে।

এ দলিলপত্রগুলো উদ্ঘাটন করেছে ওয়াশিংটন-ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অবইনভেস্টিগেটিভ জার্নালিস্টস।



স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার


‘প্যান্ডোরা পেপারস’—হঠাৎই তোলপাড় ফেলেছে গোটা বিশ্বে। পানামা পেপারসের নাম সবাই জানে, যেটি ওলট-পালট করে দিয়েছিল অনেক কিছুই। ফাঁস করেছিল বিশ্বের নামীদামি ব্যক্তিদের আর্থিক কেলেঙ্কারি। ঠিক সে ধরনের তথ্য নিয়েই এবার হাজির প্যান্ডোরা পেপারস, যাতে বিশ্বনেতাদের গোপন আর্থিক লেনদেনের তথ্য রয়েছে। কেবল বিশ্বনেতারাই নন, অনেক সেলিব্রেটি ব্যক্তির নামও উঠে এসেছে। তাঁদের মধ্যে আছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে ‘প্যান্ডোরা পেপারস’ নামের এই গোপন নথি প্রকাশ করেছে।


শচীন টেন্ডুলকার ছাড়াও এ গোপন নথিতে যেসব বিখ্যাত ব্যক্তির নাম আছে, তাঁদের মধ্যে আছেন পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার। এমনকি ইতালির কুখ্যাত মাফিয়া ডন রাফায়েল আমাতোও আছেন। এই রাফায়েল কমপক্ষে এক ডজন খুনের সঙ্গে জড়িত।

এদিকে টেন্ডুলকারের নাম এতে আসায় বিস্মিত তাঁর আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। কিন্তু কোনো বিনিয়োগই গোপন নয়, ‘টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। তবে সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ।যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সেই বিনিয়োগ করা হয়েছে।’

টেন্ডুলকার ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর একসময় ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন। রাজ্যসভা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ। প্যান্ডোরা পেপারসে কেবল তাঁর নামই নয়, তাঁর পরিবারের সদস্যদের নামও এসেছে। সেখানে বলা হয়েছে, টেন্ডুলকারের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেওয়া হয়।

স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার নামও আছে এতে। প্যান্ডোরা পেপারসের তথ্যানুযায়ী ২০১৬ সালে সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ নগদীকরণের সময় শচীন টেন্ডুলকারের শেয়ার ছিল ৯, অঞ্জলির ১৪ ও আনন্দ মেহতার ৫টি। টেন্ডুলকারের শেয়ারের মূল্য ৮ লাখ ৫৬ হাজার ৭০২, অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ৭১৪ ও শ্বশুরের শেয়ারের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ৮২ মার্কিন ডলার।


ইমরান ঘনিষ্ঠসহ ৭০০ পাকিস্তানির নাম

পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ এবং অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন, সেসব তথ্য ফাঁস হয়েছে।

এসব কোম্পানির এক কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম।

‘প্যান্ডোরা পেপারস’ নামের এই গোপন নথি প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে।

বিবিসি বলছে, অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি প্রমুখ।
এই প্যান্ডোরা পেপারসে ৭০০ জনের বেশি পাকিস্তানির নাম এসেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন ও তার পরিবারের সদস্য, সিনেটর ফয়সাল ওয়াদা, পিএমএল-কিউ নেতা চৌধুরী মনিস এলাহী, পিপিপির শারজিল মেমন, শিল্প ও উৎপাদনমন্ত্রী খোশরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলীম খান রয়েছেন।

ইমরান খান নিজে কোনো অফশোর কোম্পানির মালিক, এমন ইঙ্গিত অবশ্য ফাঁস হওয়া নথিতে নেই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্যান্ডোরা পেপারসের যাদের নাম এসেছে, তাদের ব্যাপারে তদন্ত করা হবে।


অনিল আম্বানি


ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি ২০২০ সালের ফেব্রুয়ারিতে লন্ডনের এক আদালতে শুনানির সময় দাবি করেন, তাঁর সম্পত্তির পরিমাণ এখন ‘নেট জিরো’, অর্থাৎ শূন্যে নেমে এসেছে। সঞ্চিত অলংকার বেচে এখন তাঁকে আইনজীবীর বিল পরিশোধ করতে হচ্ছে। তিনটি চীনা ব্যাংকের দায়ের করা এক মামলায় ওই শুনানি হচ্ছিল।

সে সময় আদালত তাঁর পর্যবেক্ষণে দেখেছিলেন যে আম্বানির অফশোর স্বার্থ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে সে বিষয়ে কোনো কিছু জানাননি আম্বানি। তিন মাস পর তাঁকে ব্যাংকে ৭১ কোটি ৬০ লাখ ডলার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি তা করেননি এবং বিদেশে কোনো সম্পদ থাকার কথা অস্বীকার করেন। তবে এখন প্যান্ডোরার বাক্স খুলেছে, আর তা থেকে বেরিয়ে আসছে বিশ্বের হর্তাকর্তাদের সব গোপন সম্পদ।

গতকাল রোববার ফাঁস হওয়া প্যান্ডোরা পেপারসের তথ্য অনুযায়ী, রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ও তাঁর প্রতিনিধিরা জার্সি, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (বিভিআই) ও সাইপ্রাসে কমপক্ষে ১৮টি অফশোর কোম্পানির মালিক। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে কমপক্ষে ৭টি কোম্পানির ১৩০ কোটি ডলারের বিনিয়োগ ও ঋণ রয়েছে।

জার্সিতে অনিল আম্বানির মালিকানাধীন তিনটি কোম্পানি রয়েছে। এগুলো হলো ব্যাটিস্টে আনলিমিটেড, রেডিয়াম আনলিমিটেড ও হুই ইনভেস্টমেন্ট আনলিমিটেড, যা ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৮ সালের জানুয়ারির মধ্যে তৈরি হয়।

ব্যাটিস্টে আনলিমিটেড ও রেডিয়াম আনলিমিটেড এডিএ গ্রুপের হোল্ডিং কোম্পানি রিলায়েন্স ইনোভেঞ্চারস প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। হুই ইনভেস্টমেন্ট আনলিমিটেড এএএ এন্টারপ্রাইজ লিমিটেডের মালিকানাধীন, যা রিলায়েন্স ক্যাপিটালের একটি প্রোমোটার কোম্পানি। ২০০৮ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হওয়া জার্সিতে সামারহিল লিমিটেড ও ডুলউইচ লিমিটেড নামে আরও দুটি কোম্পানির মালিক অনিল আম্বানির প্রতিনিধি অনুপ দালাল।

এই অফশোর কোম্পানি এবং লেনদেন সম্পর্কে জানতে চাইলে অনিল আম্বানির একজন আইনজীবী বলেন, ‘আমার মক্কেল ভারতের একজন করদাতা। আইন মেনে চলার জন্য তিনি ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুগত। লন্ডন আদালতে তথ্য প্রকাশ করার সময় সব প্রয়োজনীয় বিষয় বিবেচনায় নেওয়া হয়েছিল। রিলায়েন্স গ্রুপ বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনা করে এবং বৈধ ব্যবসা করে।’

গত বছরের মে মাসে চীনা কোম্পানির ৭১ কোটি ৬০ লাখ ডলার প্রদানের নির্দেশ দেওয়া হলে আদালতে নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছেন ধীরু ভাই আম্বানির ছোট ছেলে অনিল আম্বানি।

জর্ডানের বাদশাহ


হইচই ফেলে দেওয়া ‘প্যান্ডোরা পেপারস’ নামের ফাঁস হওয়া আর্থিক নথিতে দেখা গেছে কীভাবে জর্ডানের বাদশাহ গোপনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের পাহাড় গড়েছেন। বিবিসি অনলাইন ও গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, প্যান্ডোরা পেপারস অনুসারে জর্ডানের বাদশাহর এ সম্পদের পরিমাণ ১০ কোটি ডলারের বেশি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন ১৯৯৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাজ্যের মালিকানাধীন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অফশোর কোম্পানিগুলোর একটি নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ১৫টি বাড়ি কিনেছেন। এর মধ্যে মালিবু, ক্যালিফোর্নিয়া, লন্ডন ও আস্কটে তিনটি মহাসাগর ভিউয়েও তাঁর অন্তত ৫ কোটি ৭০ লাখ ডলারের সম্পত্তি রয়েছে। মালিবু শহর সেলিব্রেটিদের বিলাসবহুল বাড়ির জন্য বিখ্যাত। সেখানে সৈকতে চাকচিক্যময় হোটেলের মতো বাদশাহর ২৬ কক্ষের বাড়িটি সবার দৃষ্টি কাড়ে।

কয়েক বছর ধরে বাদশাহ আবদুল্লাহর বিরুদ্ধে স্বৈরাচারী শাসনব্যবস্থা পরিচালনার অভিযোগ উঠেছে। নানা কঠোর পদক্ষেপ ও কর বৃদ্ধির অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট খারাপ হওয়ার শঙ্কায় ও নিজের নিরাপত্তার স্বার্থেই তিনি এই সম্পদ গড়ে তুলেছেন।

বাদশাহ আবদুল্লাহর আইনজীবীরা বলছেন, এসব সম্পত্তি পুরোটাই ব্যক্তিগত সম্পদ দিয়ে কেনা হয়েছে। এমনকি বাদশাহ জর্ডানের নাগরিকদের জন্য প্রকল্পে অর্থায়ন করতেও ব্যক্তিগত সম্পদ ব্যবহার করেন। তাঁরা বলেন, গোপনীয়তা ও নিরাপত্তার কারণে হাইপ্রোফাইল ব্যক্তিদের অফশোর কোম্পানির মাধ্যমে সম্পত্তি কেনা এখন সাধারণ অভ্যাস।

তবে আইসিআইজের প্রতিবেদন অনুযায়ী, জর্ডানকে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক ও সামরিক সহায়তার ভুয়া কাগজপত্র তৈরি করে ওই অর্থ দিয়ে বিপুল সম্পদ বানিয়েছেন বাদশাহ।

প্যান্ডোরা পেপারসে বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালীদের গোপন অর্থ লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। করস্বর্গ হিসেবে পরিচিত পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো দেশ ও অঞ্চলের কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন, সেসব তথ্য ফাঁস হয়েছে।

জর্ডানের বাদশাহ ছাড়াও এই তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিসের মতো নেতাদের নাম এসেছে। ফাঁস হওয়া তথ্যে ১৩০ জনেরও বেশি ধনকুবের রয়েছেন, সেই সঙ্গে সেলিব্রিটি, রক স্টার, খেলোয়াড় ও ব্যবসায়ী নেতাদেরও নাম রয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম ওই সব কোম্পানির ১ কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status