ময়মনসিংহ, রাজশাহী ও কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৮ জন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
রাজশাহী থেকে জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে রোববার (০১ আগস্ট) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনায় ছয়জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও পাঁচজন। আজ রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।
এদের মধ্যে নাটোরের ৩ জন, রাজশাহীর দুজন এবং পাবনার একজন মারা গেছেন করোনা সংক্রমণে।
করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর দুজন, পাবনার দুজন, নওগাঁর দুজন এবং কুষ্টিয়ার একজন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন মারা গেছেন।
ময়মনিসংহ থেকে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আজ মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ ও ৪ জনের উপসর্গ ছিল। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৯৫ শতাংশ। বর্তমানে হাসপাতালে ১৯১জন করোনা আক্রান্ত রোগী ও ৫২ জন উপসর্গ নিয়ে মোট ২৪৩ জন ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন।