প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দিয়ে প্রতারণা করতেন ছাত্রলীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 9:06 PM
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দিয়ে প্রতারণা করতেন ছাত্রলীগ নেতা
নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে ফোন করতেন রাজশাহীর ছাত্রলীগ নেতা মো. সাজ্জাদ আলী (২৮)। এই পরিচয় দিয়ে তিনি বিভিন্ন সময়ে মন্ত্রী, সাংসদ, কেন্দ্রীয় রাজনীতিবিদ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাকরির তদবির, অর্থ দাবিসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করে আসছিলেন। সর্বশেষ ২৭ জুলাই তিনি একই পরিচয়ে ফোন করেছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।
অভিযোগ পেয়ে রাজশাহীর সাজ্জাদ আলীকে গ্রেপ্তার করেছে রাজশাহী নগর পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের রাজাপাড়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাজ্জাদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি সদ্য বিলুপ্ত রাজশাহী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নগরের রাজপাড়া থানাধীন কাজীহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজ্জাদকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
সাজ্জাদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে কল করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ মু. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে কথা বলেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সাজ্জাদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে কল করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ মু. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে কথা বলা শুরু করেন। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার তারিখ জানতে চান এবং দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেন। পাশাপাশি মহিউদ্দিন মাহমুদ জয় নামের একজনকে কমিটিতে না রাখার জন্যও হুমকি দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মহিউদ্দিন মাহমুদ নগরের রাজপাড়া থানায় একটি অভিযোগ করেন।
রাজশাহী জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, সাজ্জাদ নানাভাবে প্রতারণা করেন বলে তাঁরা এর আগেও জেনেছেন। এমনকি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদককেও তিনি সহকারী প্রেস সচিবের পরিচয় দিয়ে কথা বলেছেন বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তাঁরা নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেপ্তার করেছে। তাঁর মুঠোফোনে বিভিন্ন দপ্তরের মন্ত্রীসহ বড় বড় ব্যক্তিদের ফোন করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।