গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়েকে ইভটিজিংয়ের সময় বাধা দেওয়ায় বাবা সরফরাজ আলীকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বিলভর্তি গ্রামের দবিরের ছেলে আনোয়ার (৩৫) একই গ্রামের সরফরাজ আলীর মেয়ে নবম শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও ইভটিজিং করে আসছিলেন। বিষয়টি ছাত্রীর পরিবার জানতে পেরে আনোয়ারকে বকাবকি করেন। তারা ওই স্কুলছাত্রীকে বিরক্ত না করতে সতর্ক করে দেন।
ওই ঘটনার পর গতকাল শনিবার বিকেলে ছাত্রীর বাবা সরফরাজ আলী পাশের দাড়িদহ বাজারে ঈদের কেনাকাটার উদ্দেশে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে আজ রোববার সকালে পাশের ছয় ঘরিয়া গ্রামের শাহ্ মো. হাম্মাদ আলী মিঠুর পরিত্যক্ত বাড়ির সামনে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা পুলিশকে খবর দেন।
নিহতের পরিবারের অভিযোগ, ইভটিজিংয়ে বাধা দেওয়ার জেরেই সরফরাজ আলীকে আনোয়ার মারপিটের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনা আড়াল করতে লাশটি পাশের গ্রামে ফেলে গেছে তারা।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, সরফরাজ আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।