রোববার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া গলির মুখে কবির টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে। এসময় ইটের আঘাতে চান্দঁগাও থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহাম্মদ আহত হন। ভাংচুর করা হয় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, করোনাকালে চলমান লকডাউনে সরকারি নির্দেশনাবলী প্রচারকালে দুর্বৃত্তরা পুলিশের কাজে বাধা দেয়। তারা কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ভাংচুর করে। এতে পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছেন। চান্দগাঁও থানা পুলিশের অভিযানে এ ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।