মাগুরায় ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাতটার দিকে শহরের মাতৃসদন হাসপাতাল–সংলগ্ন ডোমপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত ওই যুবকের নাম মানিক লাল (৩৮)। তিনি ওই পাড়ার মৃত বাবু লালের ছেলে। মাগুরা পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরির পাশাপাশি নিজ বাড়ির পাশে তাঁর একটি চায়ের দোকান ছিল।
মানিক লালের ভাই হিরা লালের ভাষ্য, আজ ভোর চারটার দিকে ভাইয়ের ছোট ছেলের ডাকে ঘুম ভাঙে। শান লাল (৬) নামের শিশুটি তাঁকে বলে, বাবার গলা দিয়ে রক্ত ঝরছে। এমন পরিস্থিতিতে মানিকের ঘরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে কী কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো ধারণা করতে পারেননি নিহতের ভাই হিরা লাল।
নিহতের বড় ছেলে আসন লাল (১৬) জানায়, কয়েক দিন আগে তাঁর মায়ের হাত ভেঙে যায়। মা তাঁর বাবার বাড়িতে আছেন। গতকাল দুপুরে বাবার সঙ্গে তাঁর ঝগড়া হয়। রাতে ছোট ভাইকে নিয়ে বাবা ঘরে ঘুমান। আর সে চাচার বাড়িতে ঘুমাতে যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী বলেন, ‘পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, ওই বাড়িতে প্রায়ই মাদকের আড্ডা বসত। গতকালও দিনের বিভিন্ন সময় অনেকে এসেছেন। এ ছাড়া কয়েক দিন আগে মানিক একটি গরু বিক্রি করেন। যদিও সেই টাকা তাঁর ঘরে অক্ষতই আছে। তা ছাড়া তাঁর কিছু পারিবারিক সংকটও ছিল। সব দিক সামনে রেখে পুলিশ তদন্ত করছে।’ তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।