মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে।
খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনিদৈনিক আমাদের সময়কে জানান, ইমরান হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।
খোঁজ নিয়ে জানা যায়, ইমরান হোসেন বেঙ্গল মিডে চাকরি করতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার লাউকাঠি গ্রামের আব্দুল মজিব ভুঁইয়ার ছেলে।
ইমরান হোসেনের স্ত্রীর নাম তামান্না। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। বর্তমানে মগবাজার এলাকায় থাকতেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।