|
হাসপাতাল থেকে করোনা রোগীর মোবাইল চুরি
নতুন সময় প্রতিনিধি
|
![]() হাসপাতাল থেকে করোনা রোগীর মোবাইল চুরি জানা যায়, দেশে করোনাভাইরাসের প্রভাব শুরু হলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়া হয়। সেখানেই শুরু থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরই মধ্যে হাসপাতাল চত্বরে মাদকসেবী, চোর, দালালদের আনাগোনাও বেড়ে যায়। এই কারণে হাসপাতালে ভর্তি রোগীর মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটে। এর আগে হাসপাতালের পরিচ্ছন্নকর্মী করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারেরর মিটার চুরির ঘটনা ঘটে এবং সেটি উদ্ধার ও থানায় মামলাও দায়ের হয়েছে। এরমাঝেই আবারো করোনা রোগীর মোবাইল চুরির ঘটনায় শহরে হৈচৈ পড়ে গেছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সূত্রে জানা যায়, বগুড়া শহরের সুত্রাপুর এলাকার পৌর পার্কের দক্ষিণ গেট সংলগ্ন এলাকার বাসিন্দা রাজিবুল ইসলাম রাজন করোনা আক্রান্ত হয়ে ৯ জুন বিকালে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার বেডের (বি-৩৭) বালিশের নিচে একটি ফিচার ফোন ও অপরটি এন্ড্রয়েড ভার্সনের ফোন দুটি রেখে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে ফোন নিতে গিয়ে ফোন খুঁজে পাননি। খোঁজাখুজি করে না পেয়ে তিনি স্বজনদেরকে জানান। স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা থানায় জিডি করতে বলেন। রাজিবুল ইসলাম রাজন জানান, তাদের পরিবারের মোট ১১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার এক চাচা চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এর দু’দিন পর ৯ জুন তার এক ফুফুকে শজিমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপরদিকে তার বাবা- মা ও ভাতিজি আগে থেকেই মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। ওই একই ওয়ার্ডে তার বাবা-মা ও ভাতিজিও চিকিৎসাধীন। রাজনের ফুফু নাসিমা সুলতানা ছুটু জানান, করোনায় দু’দিনের ব্যবধানে এক ভাই ও এক বোনের মৃত্যু এবং আরও কয়েকজন চিকিৎসাধীন থাকায় তার বাবার বাড়ির সবাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। তিনি বলেন, মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ভাতিজার দু’টি মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনাটি জানার পর বৃহস্পতিবার সকালে ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজলকে অবহিত করা হয়েছে। তিনি সবকিছু শুনে একটি জিডি করার পরামর্শ দেন। জিডি করা হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শফিক আমিন কাজল জানান, করোনা রোগীর মোবাইল চুরির ঘটনায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া সদর থানায় একটি জিডি করা হয়েছে। পুরো হাসপাতালটি সিসিটিভির আওতাধীন। তারপরও চুরি হচ্ছে। তিনি জানান, এর আগেও কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে ব্যবস্থা গ্রহণ করার কথাও তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
