পঞ্চগড়ে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মসজিদের এক ইমাম। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার (২৬ মে) রাতে তেতুঁলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনাটি ঘটে।
নিহত আনিছুর রহমান (২৬) ইমামের বাড়ি তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের চুচরিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি হাওয়াজোত কওমি মাদরাসার সহকারী শিক্ষক ও সিপাইপাড়ার জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া এলাকার ছিদ্দিক আলীর বড় ছেলে নওশাদ (২২), ছোট ছেলে সজিব (১৪) এবং বাংলাবান্ধা ইউনিয়নের খোয়াগছ এলাকার রফিকুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে আনিছুর রহমান নামে ওই ইমাম সিপাইপাড়ার জামে মসজিদে এশার নামাজ আদায়ের পর তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের গোয়ালগছ এলাকায় গেলে এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আনিছুর রহমান ও অপর মোটরসাইকেলের ৩ আরোহীসহ ৪ জন গুরুতর আহত। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক। এবং বাকি ৩ জনের মধ্যে নওশাদের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান নামে ওই মজিদের ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।