রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে দুজন মারা গেছেন। গত রাতে এ দুর্ঘটনা ঘটে। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার (০৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির পরি দর্শক বাচ্চু মিয়া।
মৃতের স্বজনরা জানায়, খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় একটি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে চাকরি করতেন আসিফ আব্দুল্লাহ হেলাল। রাতে অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় একটি ড্রাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসিফ। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে।
এদিকে রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রোল আদায়ের সময় একটি ট্রাক লরির চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয় প্রসেনজিৎ নামে ট্রোলপ্লাজার কর্মচারীর। ট্রোলের টাকা দিতে না চাওয়ায় চালকের পাশের দরজায় ঝুলে দাঁড়ায় প্রসেনজিৎ। তখন চালক গাড়িটি দ্রুত চালাতে শুরু করলে যাত্রাবাড়ী মাছ বাজার এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি থেকে ছিটকে পড়ে প্রসেনজিৎ। এতে সেও ঘটনাস্থলেই নিহত হয়।