চোর সন্দেহে আ.লীগ নেতার বাড়িতে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 February, 2021, 8:50 PM
চোর সন্দেহে আ.লীগ নেতার বাড়িতে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা
গাজীপুর মহানগরীতে চোর সন্দেহে এসনেহার বেগম (৩৮) এক মানসিক প্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে মহানগরীর কুনিয়া পাচর এলাকায় আওয়ামীলীগ নেতা শহীদ উল্লাহর ৬ তলা বাড়িতে চোর সন্দেহে এসনেহারকে আটক করে পিটুনি দেওয়া হয়। পরে সকাল ১১টায় ওই বাড়ি থেকে এসনেহারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসকরা এসনেহারকে মৃত ঘোষণা করেন।
এসনেহার কুমিল্লা জেলার মৃত সুলতান মিয়ার মেয়ে এবং টঙ্গীর তিস্কারগেট এলাকার ভ্যানচালক মোহাম্মদ হোসেনের স্ত্রী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাড়ির মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহীদ উল্লাহ বলেন, ‘আমি উত্তরায় বাস করি। সকালে আমাকে ফোনে জানানো হয় ভাড়াটিয়ারা এক নারী চোরকে আটক করেছে। আমি তাদেরকে পুলিশে খবর দিতে বলি। পরে আমি বাড়িতে এসে পুলিশের সহযোগিতায় ওই নারীকে হাসপাতালে নিয়ে যাই।’
ওই নারী গণপিটুনিতে মারা গেছে দাবি করে তিনি আরও বলেন, ‘প্রতিদিনই বাসা-বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। ফলে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতেই এসনেহার মারা গেছে।’
নিহত নারীর স্বামী মোহাম্মদ হোসেন বলেন, ‘এসনেহার মানসিক ভারসাম্যহীন ছিল। দুটি শিশু সন্তান ঘরে রেখে সে প্রায়ই বাইরে বের হয়ে যেত। কিন্তু সে চুরি করতে পারে না।’
এ বিষয়ে গাজীপুর মহানগরী পুলিশের উপ পুলিশ কমিশনার ইলতুৎমিস বলেন, ‘মোবাইল চুরির অভিযোগে এক নারীকে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তির পর সেখানে ওই নারীর মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’