ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আল জাজিরার ভিডিও সরাতে গুগল ও ফেসবুকের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 11:16 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 February, 2021, 11:18 PM

আল জাজিরার ভিডিও সরাতে গুগল ও ফেসবুকের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ

আল জাজিরার ভিডিও সরাতে গুগল ও ফেসবুকের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ

বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) জানিয়েছে , আদালতের নির্দেশ পাওয়ার পরেই ইন্টারনেট থেকে আল-জাজিরার তথ্যচিত্রের ভিডিওটি সরিয়ে ফেলার জন্য গুগল এবং ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানানো হয়েছে।

বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলছেন, ''আমরা আদালতের নির্দেশ পাওয়ার পরপরই ফেসবুক এবং গুগলের সঙ্গে যোগাযোগ করেছি, এটা সরিয়ে ফেলার জন্য। তারা তাদের ওয়েবপেজ থেকে এটা সরিয়ে ফেলবে। কারণ এটা সরানোর ক্ষমতা বিটিআরসির নেই, এটা তাদেরই সরাতে হবে।''

''এ ধরণের কন্টেন্ট সরানোর জন্য তাদের কিছু কম্যুনিটি স্ট্যান্ডার্ড আছে। তারা বলে যে, আদালতের নির্দেশ হলে তারা কাজটা করতে পারবে। সেজন্য আদালতের নির্দেশ পাওয়ার সাথে সাথে তাদের জানিয়ে দিয়েছি এবং অপসারণের জন্য তাদের অনুরোধ করেছি।'' তিনি বলছেন।

অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ওই প্রতিবেদনের ভিডিওটি সরানোর ব্যাপারেও বিটিআরসি যোগাযোগ করছে বলে তিনি জানান।

এর আগে বুধবার বিকালে বাংলাদেশের সেনাপ্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরা টেলিভিশন যে প্রতিবেদন প্রচার করেছে, হাইকোর্ট সেই প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম ও সব ধরনের সামাজিক মাধ্যম থেকে অবিলম্বে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে।

কাতার ভিত্তিক টেলিভিশনটির এই প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ইস্যুটি বাংলাদেশের আদালত পর্যন্ত গড়িয়েছে।

হাইকোর্টে একটি রিট মামলায় উভয়পক্ষের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন বলছেন, দেশে এবং বিদেশে ইন্টারনেট থেকে এই প্রতিবেদনের ভিডিও সরিয়ে ফেলার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছেন।

এটি সরিয়ে ফেলার জন্য প্রয়োজনে বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হলে, সেটা করার জন্যও আদালত আদেশ দিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ ও তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরা সম্প্রতি 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' নামে একটি তথ্যচিত্র প্রচার করে যাতে বেশ কিছু দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

এনিয়ে আলোড়ন সৃষ্টি হলে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের আদেশ চেয়ে ৮ই ফেব্রুয়ারি হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষাপটে আবেদনটি বিবেচনার যোগ্য কি-না তা নির্ধারণে, বুধবার ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

বুধবার আদালত যে ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে, তারা হচ্ছেন এজে মোহাম্মদ আলী, আব্দুল মতিন খসরু, শাহদীন মালিক, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী এবং কামাল উল আলম।

আদালতে ওই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন।

রিটে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

সেই সঙ্গে 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' নামে সম্প্রচারিত প্রতিবেদনটি ইউটিউব, ফেসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়।

তথ্যচিত্রটি যেহেতু দশদিন আগে প্রচারিত হয়েছে, তার ফলে এখন নতুন করে স্থগিতাদেশ দেবার আবেদন জনস্বার্থে গ্রহণযোগ্য কিনা, এবং বিদেশী প্রচারমাধ্যমের সম্প্রচার বন্ধের ক্ষেত্রে আদালতের নির্দেশনা কার্যকর করা যাবে কি না এসব বিষয়ে আইনজীবীদের মতামত জানতে চেয়েছে আদালত।

পহেলা ফেব্রুয়ারি রাতে আল-জাজিরা 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামে এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার করে।

বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবেদনটি 'উদ্দেশ্যমূলক' এবং 'ভিত্তিহীন।'

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই প্রতিবেদনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে।

প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছিলেন আল জাজিরার বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেয়া যায়, সরকার তা খতিয়ে দেখছে।

সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status