নদীতে সারি সারি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। বার বার অভিযোগ করেও বন্ধ হচ্ছে না এসব ড্রেজার মেশিন। বালু খেকোদের দৌরাত্ম চলছেই। এতে চরম হুমকিতে রয়েছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সরকারি বেসরকারি স্থাপনাসহ নদী তীরবর্তী শত শত গ্রাম।
সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের শাখা সোনাভরি নদীর টাঙ্গালিয়া পাড়া, মেম্বরপাড়া, মুন্সি পাড়া, করাতি পাড়া, ব্রহ্মপুত্র নদের মোহনগঞ্জ, চর নেওয়াজী, নয়াচর এবং কোদালকাটি, ভারতীয় সীমান্ত ঘেঁষা জিঞ্জিরাম নদীর বাউল পাড়া, মিয়াপাড়া, বালিয়ামারী, জালচিরা বাঁধসহ সব ক’টি নদীতেই সারি সারি অন্তত ৪৫টি ড্রেজার মেশিন বসানো হয়েছে নদীর কিনারে। গত কয়েক দিনে আরো যোগ করা হয়েছে বেশ কয়েকটি অবৈধ ড্রেজার মেশিন।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মাত্র ৫০ গজ অদূরে রয়েছে সরকারি খাদ্যগুদাম, ২০ গজের মধ্যে রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। অবৈধ বালু তোলা বন্ধ না হলে হয়তো আগামী বন্যার আগেই বিলীন হবে অধিকাংশ স্থাপনা।
নদীর কিনার (পাড়) থেকে বালু তুলে ঘর তৈরি, নদী শাসনের জন্য ব্লক তৈরি, জিও ব্যাগ ভরাট, স্কুল মাঠ ভরাট, রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রশাসনের দোহাই দিয়ে বসত ভিটা তৈরি ছাড়াও ট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এসব বালু। যদিও বালু মহলের অনুমোদন নেই একটিরও। এতে উপজেলার অনেক নদীতে আগাম ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে পুরো রাজিবপুর উপজেলা।
এভাবে চলতে থাকলে হয়তো মানচিত্র থেকে মুছে যাবে রাজিবপুর উপজেলার নাম।
অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য দফায় দফায় রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউএনও, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার হচ্ছে না।
তবে রাজিবপুর উপজেলা সমন্বয় সভায় এ বিষয়ে কথা তুললে সাংবাদিককে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয় এবং রাজিবপুর থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন ইউএনও।
রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস এ বিষয়ে তিনি সাংবাদিককে জানান, আমি ভূমিহীনদের ঘর তৈরির কাজে ব্যস্ত। ট্রেইনিং এর জন্য ঢাকায় যাচ্ছি, ঢাকা থেকে এসে ব্যবস্থা নেব।
এ বিষয়ে ইউএনও নবীরুল ইসলাম জানান, কোথায় কোথায় ড্রেজার চালাচ্ছে তাদের নাম তালিকা এবং লোকেশন দেন। ব্যবস্থা নেয়া হবে।
গত ২ জানুয়ারি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম নদী শাসনের কাজ পরিদর্শনে এসে কয়েকটি ড্রেজার মেশিনের কিছু মালামাল আটক করে নিয়ে সব ড্রেজার বন্ধের নির্দেশ দিয়ে চলে গেলে আবারো চালু করা হয় ওই সব ড্রেজার মেশিন।
তিনি সাংবাদিককে জানান, কোনো ড্রেজার মেশিনের অনুমতি দেই নি। আমার নাম ব্যবহার করে কেউ মেশিন চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মুখের কথা মুখেই থেকে যাচ্ছে, বন্ধ হচ্ছে না অবৈধ বালু তোলা। এসব অবৈধ কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েকটি জাতীয় পত্রিকাসহ অন-লাইন পত্রিকায় প্রকাশ হলেও কোনো কাজে আসেনি।