ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পি কে হালদারের আইনজীবী সুকুমার ও মেয়ে অনিন্দিতার স্বীকারোক্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 February, 2021, 8:25 PM

পি কে হালদারের আইনজীবী সুকুমার ও মেয়ে অনিন্দিতার স্বীকারোক্তি

পি কে হালদারের আইনজীবী সুকুমার ও মেয়ে অনিন্দিতার স্বীকারোক্তি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিমান্ড শেষে আসামি সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতাকে আদালতে হাজির করা হয়।

এ সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম আসামি সুকুমার মৃধা এবং ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামি অনিন্দিতা মৃধার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
 
এর আগে গত ২১ জানুয়ারি জিজ্ঞাসাবাদ শেষে পিকে হালদারের আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেফতার করে দুদক। এরপর আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ ফেব্রুয়ারি পিকে হালদারের সহযোগী শংখ বেপারীকে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ মামলায় রিমান্ড শেষে পিকে হালদারের বান্ধুবী অবন্তিকা বড়াল কারাগারে আটক রয়েছে। এছাড়া গত ৯ ফেব্রুয়ারি এ মামলায় অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২৯ ডিসেম্বর পি কে হালদারের রাজধানীর ধানমন্ডির দুটি ফ্ল্যাট ও রূপগঞ্জের প্রায় ছয় একর জমি ক্রোকের আদেশ দেন আদালত। এর আগে গত ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আসামি পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

কানাডায় অবস্থানকারী পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকা, ফাস ফাইন্যান্স থেকে দুই হাজার ২০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে তিন হাজার কোটি টাকা এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।

গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। গত বছরের ৮ জানুয়ারি দুদক অজ্ঞাত সূত্র থেকে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য রয়েছে।

এদিকে গত ২ ফেব্রুয়ারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পি কে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status