নিজস্ব সংস্কৃতির বিকাশে ভ্রাম্যমাণ মঞ্চ চালু করেছে মিশর। পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিনোদন দিচ্ছে চার চাকার এই মঞ্চ। বিনোদনবঞ্চিত মানুষের মাঝে নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
কায়রোর বাসিন্দারা কখনোই ভাবেননি নিজেদের বাড়ির আঙিনা থেকে গান উপভোগ করবেন। নিজেদের সমৃদ্ধ সংস্কৃতির বিকাশে ভ্রাম্যমাণ এই মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
মিশরের পাড়ায় পাড়ায় নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে চার চাকার ভ্রাম্যমাণ থিয়েটার। এই সুযোগে বেলকনি থেকে এভাবেই সুরের মুর্ছনা উপভোগ করতে দেখা যায় স্থানীয়দের।
সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষের পাশাপাশি সাংস্কৃতিক সাম্য প্রতিষ্ঠায় মূলত এই অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। বিনোদনের জন্য এখন আর আর কষ্ট করে বাইরে যেতে হবে না। লাগবে না টিকিট। চার চাকার থিয়েটার এখন মিশরের মানুষের দোড়গোড়ায়।
সমৃদ্ধ ঐতিহ্য আর হাজার বছরের মানব সভ্যতার ইতিহাস বুকে নিয়ে মরুভুমির মাঝে মাথা উচু করে আছে মিশর। প্রতিকূল পরিবেশে কঠিন জীবন যাপনের পরও দারুণ আমুদে এই জাতি। তবে আর্থসামাজিক অবস্থানসহ মহামারির কারণে সংস্কৃতি থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই।
প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সুস্থ সংস্কৃতি পৌঁছে দিতে পুরো দেশজুড়ে এই কর্মসূচি চালু করেছে সংস্কৃতি মন্ত্রনালয়। সংস্কৃতির মাধ্যমে মানুষের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি ও ভেদাভেদ দূর করার আশা করছেন সংশ্লিষ্টরা।
কাইরোর সাংস্কৃতিক বিভাগের প্রধান গালাল ওসমান বলেন, মিশরে সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষ আছে। তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না। অন্যদিকে অনেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যন্ত গ্রাম, মরুভূমি যে যেখানেই থাকুক না কেন সব জায়গা থেকে এখন মানুষজন বিনোদন উপভোগ করতে পারবেন।
সরকারের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ।