যশোর-ঝিনাইদহ সড়কের কালিগঞ্জের বারোবাজারে বাস দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে মণিরামপুরের এক নারী ও শিশু রয়েছেন। তারা হলেন- উপজেলার শ্যামকুড় গ্রামের বাবুল আক্তার বাবুর স্ত্রী শিলা বেগম (৩৫) ও বাবুর ভাই খালেদুর রহমান টিটোর শিশু কন্যা খাদিজা খাতুন (৮)।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।
শিলা বেগম দেবরঝি খাদিজাকে সাথে নিয়ে বাসে চড়ে শৈলকূপা উপজেলার খন্দপবাড়িয়া গ্রামে পিতার বাড়িতে যাচ্ছিলেন। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বাস দুর্ঘনায় চাচি দেবরঝির মৃত্যুর খবরে শ্যামকুড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাবুল আক্তার বাবু বলেন, বুধবার দুপুর ১টার দিকে খাদিজাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন আমার স্ত্রী শিলা। দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাদের খোঁজ করার চেষ্টা করি। সন্ধ্যায় খবর নিয়ে জানতে পারি তারা খন্দপবাড়িয়ায় যাননি। পরে আমি ও আমার ভাই টিটো তাদের উদ্দেশে বের হই। প্রথমে যশোর সদর হাসপাতালে খোঁজ নিয়ে তাদের সন্ধান মেলাতে পারিনি। পরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে শিলা ও খাদিজার লাশ শনাক্ত করি।
প্রসঙ্গত, বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার এলাকায় আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশে বাস-ট্রাকের সংঘর্ষে ১২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।