ঢাকায় নিযুক্ত ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, তুরস্ক, ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মিশন প্রধানসহ প্রায় ৩০ কূটনীতিক বাংলাদেশ সরকারের সরবরাহকৃত টিকা গ্রহণ করেছেন।
বুধবার বিকেলে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জন্য করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে প্রথম দিন টিকা নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
অনুষ্ঠানে শাহরিয়ার আলম জানান, বাংলাদেশে যতটি দেশের কূটনীতিকরা আছেন, সকলের জন্য আলাদাভাবে এখানে টিকার ব্যবস্থা করা হয়েছে। আজকে ৩০ জনেরও অধিক কূটনীতিক উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
পর্যায়ক্রমে ১২শ’র অধিক বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক সবাই ভ্যাকসিন নেবেন। তাদের টিকা দেয়ার জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট সপ্তাহে দুই থেকে তিন দিন নির্দিষ্ট করে দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিদেশি মিশনের বাইরে আন্তর্জাতিক সংস্থার দপ্তরে কর্মরত বিদেশিদের তালিকাও চেয়েছে সরকার। তারাও এ হাসপাতাল থেকে টিকা নেবেন। টিকা নিয়ে কূটনীতিকরা আত্মবিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি।
গতকাল পর্যন্ত লক্ষাধিক মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আরও টিকা পাওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো জানান, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমুনাইজেশনের (গ্যাভি) আওতায় খুব বড় সংখ্যায় ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
একইসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত প্রায় আড়াই হাজার রাশিয়ান নাগরিকের জন্য স্পুৎনিক-৫ টিকা আনার বিষয়ে সম্মতি দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
টিকা নিয়ে ঢাকায় কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোশারি বলেন, এখান কূটনৈতিকদের পক্ষ থেকে টিকাদান শুরুর জন্য আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। কোভিড-১৯ মহামারী এই দেশের বিভিন্ন দিকে চরমভাবে আঘাত করার মধ্যে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে সবাই টিকা নিন, যাতে মহামারী ক্ষীণ হয়ে আসে এবং দেশ অগ্রসর হতে পারে। কোভিড-১৯ টিকার ক্ষেত্রে সরকারের উদ্যোগকে সহায়তা করুন।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টিরিংক বলেন, আমি মনে করি, এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে, বিদেশি কূটনীতিকরাও আস্থা সহকারে টিকা নিচ্ছে। আমাকে টিকা নিয়ে ইউরোপ যেতে হচ্ছে না, আমি এখানেই তা করতে পারছি এবং আজকেই সেটা করেছি।