যুক্তরাষ্ট্রে ৬৭ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 8:53 AM
যুক্তরাষ্ট্রে ৬৭ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে একমাত্র ফেডারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী লিসা মন্টেগোমারি। গত বছরের ৮ ডিসেম্বর তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে তাঁর কৌঁসুলিরা করোনায় আক্রান্ত বলে নিম্ন আদালতে আবেদন জানানোর পর বিচারক মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করেন। তবে ডিসি সার্কিট কোর্টের আপিল বিভাগের তিন বিচারক ১ জানুয়ারি রুল জারি করেন, নিম্ন আদালতের বিচারকের মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করা ভুল ছিল। একই সঙ্গে আপিল বিভাগ চলতি মাসে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার মাত্র কয়েক দিন আগে লিসার মৃত্যুদণ্ড কার্যকর হবে। ফেডারেল মৃত্যুদণ্ডের বিধান বাতিল করবেন বলে ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ইতিহাসে প্রায় ৬৭ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।
লিসার কৌঁসুলিরা নিম্ন আদালতকে বলেন, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের টেরে হাউটে ফেডারেল সংশোধনী কমপ্লেক্সে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের পর তাঁদের করোনা শনাক্ত হয়েছে। এরপরই নিম্ন আদালতের বিচারক মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করেন।
ফেডারেল ব্যুরো অব প্রিজন্সের পরিচালক মাইকেল কারবাহল ফেডারেল আইনের ক্ষমতাবলে লিসার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ১২ জানুয়ারি নতুন তারিখ ধার্য্য করেন।
লিসার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৪ মিজৌরির আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা টিপে হত্যা করেন। তবে ওই নারীর গর্ভের শিশুটি বেঁচে যায়।
লিসার কৌঁসুলি মেগান বারগো এক বিবৃতিতে বলেন, তিনি ডিসি সার্কিট কোর্টের আপিল বিভাগের তিন বিচারকের আদেশের সঙ্গে ভিন্নমত পোষণ করছেন। তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি শিগগিরই পিটিশন করবেন।