প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় আজ ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট নেয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের-ইভিএম এর মাধ্যমে।
এদিকে নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে।
২৪টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৯৩, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২৬৫ ও সাধারণ ওয়ার্ড কমিশনার পদে ৮০১ জনসহ তিন পদে মোট ১১শ' ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। গাজীপুরের শ্রীপুরে একজন মেয়র প্রার্থীর মৃত্যু হলে এই ধাপ থেকে পৌরসভাটির ভোট স্থগিত করে ইসি।