দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের সংরক্ষিত নির্বাচিত নারী সদস্য কুলসুম বানু বলেছেন, এলাকার সব কাজ করি তারপরও আমাদের মহিলা মেম্বার ডাকে। সারা দেশে আমরা ১৭ হাজারের বেশি নির্বাচিত নারী প্রতিনিধি। আমরা নির্বাচিত প্রতিনিধি হলেও আমাদের গুরুত্ব দেওয়া হয় না। মূল্যায়ন করা হয় না। আমাদের কেউ দেখেন অলঙ্কার হিসেবে, কেউ আপদ হিসেবে, অনেকে প্রতিপক্ষ ভাবেন।
সংলাপে নারী প্রতিনিধিরা বলেন, দেশের প্রতিটি স্তরে, তৃণমূল পর্যায়ে নারীরা জনগণের সেবা ও কল্যাণে কাজ করতে আগ্রহী। নির্বাচনী বিধিমালা পরিবর্তনসহ পুরুষদের পাশাপাশি নারীদের মর্যাদা নিশ্চিত করা দরকার। এজন্য রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন নারী জনপ্রতিনিধিরা।
সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান। অপরাজিতা কার্যক্রমের বক্তব্য রাখেন ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ।
অনুষ্ঠানে দিনাজুপর জেলার সদর, চিরিরবন্দর, কাহারোল, বিরামপুর ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিরা অংশ নেন।